বাসি মাংসের অভিযোগ করতেই ঘাটালে ক্রেতাকে মারধর, পথ অবরোধ স্থানীয়দের

Published:

Ghatal

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকাশ্যে বাসি মাংস বিক্রি করছেন বিক্রেতা, ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করল ঘাটাল (Ghatal) বাজারের মাংস ব্যবসায়ীরা। এমনকি তাঁর ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। এদিকে ক্রেতাকে মারধরের প্রতিবাদে (Ghatal stale mutton) পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকার বাসিন্দা সুরজিৎ মান্না সেখানকার প্রগতি বাজার এলাকায় খাসির মাংস কিনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু মাংস ধোয়ার সময় দেখেন দোকানদার বাসি মাংস দিয়েছে। সেই নিয়ে দোকানে নালিশ জানাতে গেলেই ঘটে বিপত্তি। অভিযোগ, মাংস বাসি কেন, তা প্রশ্ন করতেই নাকি দোকানদার সালমান কুরেষী ও তাঁর বাবা ইদরিশ কুরেষী ক্রেতার ওপর চড়াও হয়, শুধু তাই নয়, তাঁর ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টাও করা হয়। এদিকে এই ঘটনায় জড়িত ছিল পাশের দোকানদার সোনু কুরেষী-সহ পাশাপাশি দুটি দোকানের বেশ কয়েকজন মাংস বিক্রেতা।

হাসপাতালে ভর্তি ক্রেতা সুরজিৎ মান্না

স্থানীয় সূত্রে খবর, প্রগতি বাজারের অন্যান্য মাছ বিক্রেতারা এই নির্মম আক্রমণের প্রতিবাদ করতে এগিয়ে এলে অভিযুক্ত মাংস বিক্রেতারা বাঁশ নিয়ে তাঁদের দিকে রীতিমত তেড়ে যায় বলে অভিযোগ। শেষে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় দোকানদার ও তাঁর বাবা ইদরিশ কুরেষী। গতকালই আহত অবস্থায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ক্রেতা সুরজিৎ মান্নাকে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ ৯

স্থানীয়দের পথ অবরোধ

খরিদ্দার সুরজিৎ মান্না জানিয়েছেন, “টাকা সম্পূর্ণ দেওয়ার পরেও আমাকে বাসি মাংস দেওয়া হয়েছিল। এই নিয়ে বলতে গেলেই শুরু হয়েছিল অশান্তি। এমনকি কথাকাটাকাটি চলাকালীন আমাকে বাবা ও ছেলে কিল, চড়, ঘুষি মারছিল এবং মাংস কাটার ছুরি নিয়েও আমার ওপর চড়াও হচ্ছিল। আমাকে বাঁচাতে এগিয়ে এসেছিল প্রগতি বাজারের অন্যান্য মাছ বিক্রেতারা, কিন্তু তাঁদেরকেও বাকি মাংস বিক্রেতারা বাঁশ নিয়ে তাড়া করেছিল।” যদিও অভিযুক্তদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ক্রেতার উপর এইরূপ হামলা হওয়া নিয়ে গতকাল রাতে ঘাটাল এলাকায় ঘড়ি মোড়ে পথ অবরোধ করেছিলেন স্থানীয়রা।