প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অন্ধকার কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। ২০৭ আসন ছিনিয়ে ১৫ বছরের তৃণমূল সরকারকে ধরাশায়ী করে দিল বিজেপি (Bharatiya Janata Party)। চারিদিকে চরম উচ্ছ্বাস দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? যদিও নির্বাচনী প্রচারে অমিত শাহ বার বার ‘ভূমিপুত্র’কে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন। এমতাবস্থায় সকলকে চমকে দিয়ে ফলপ্রকাশের পরের সকালেই নতুন সরকার গঠনের লক্ষ্য ঘোষণা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।
রাজ্যবাসীর উদ্দেশ্যে পোস্ট শুভেন্দুর
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে সকল রাজ্যবাসীর উদ্দেশে পোস্ট করে জানিয়েছেন, “ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়।” তিনি আরও জানিয়েছেন যে, “বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলব একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।”
প্রশংসা করলেন নির্বাচন কমিশনের
রাজ্যবাসীর উদ্দেশে করা পোস্টে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “বিধানসভা নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের দৃঢ় অঙ্গীকার।” এদিকে এখনও পর্যন্ত জানা যায়নি যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসতে চলেছেন, কিন্তু তার আগেই নতুন সরকারের চরিত্র নিয়ে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু।
আরও পড়ুন: রাজ্য সরকারের মামলায় এখনই রায় নয়, হাইকোর্টে বিশেষ আর্জি আইনজীবীর
প্রসঙ্গত, আজ, মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যে আসতে পারেন। তারপর পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন। এরপরই আগামী ২৫ বৈশাখ বাংলায় শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। তবে এইমুহুর্তে বিজেপির এই বিরাট জয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তিনি বিজেপির এই বিরাট জয়ের অন্যতম প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নামও উঠে আসছে তালিকায়। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য হলেও তিনিও মুখ্যমন্ত্রী পদের ক্ষেত্রে বড় দাবিদার।










