নেতাজিকে অপমানের জের, রবিবার শিয়ালদায় বিশাল প্রতিবাদ মিছিলের ডাক

Published:

Sealdah

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় হয়ে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনও দিন মেনে নেওয়া যাবে না। এই দাবিতেই প্রতিবাদ মিছিলের আয়োজন শিয়ালদায় (Sealdah)। আসলে সম্প্রতি ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মেরুদন্ড তথা বিপ্লবী এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কুরুচিকর মন্তব্যে অপমান করা হচ্ছে। আর নেতাজির অপমান মানে তা যে গোটা ভারতবাসীর কাছে অপমান তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এবার বিরাট মহাসমাবেশের ডাক দিল হিন্দু সংগঠন।

নেতাজিকে অপমান করার বিরুদ্ধে জনসমাবেশের ডাক

ভারতের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান খাতায়-কলমে লিখে শেষ হবে না। তাঁকে অপমান করার অধিকার আমার-আপনার কেন, এই দেশের কারোর নেই। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ ফেললে দেখা যাচ্ছে, কিছু নিকৃষ্ট মানুষজন নেতাজি সুভাষচন্দ্র বসুকেই পর্যন্ত অপমান করতে ছাড়ছে না। আর তাঁর অপমান মানেই যে বাঙালির তথা ভারতবাসীর আত্মস্মৃতি এবং জাতীয় অহংকারে আঘাত তাও বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই অপমানের তীব্র নিন্দা জানিয়ে আগামী রবিবার বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

আসলে ঘটনার সূত্রপাত বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে দিয়ে। তিনি দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ‘ব্রিটিশদের দালাল’ বলেন। এমনকি তিনি এও প্রশ্ন তোলেন যে, নেতাজি কেন দেশে ফিরে আসেননি স্বাধীনতার পর? এরপর থেকেই রাজবংশি সমাজের একাংশ যারা অনন্ত মহারাজের অনুগামী, তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অপমান করে পোস্ট করে চলেছে।

এই প্রতিবাদী মিছিল নিয়ে আয়োজক সংস্থার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশের বীর শহীদ তথা মহানায়কের অসম্মান মানেই সমগ্র মাতৃভূমির অসম্মান। আর সেই অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণকে রাজনৈতিক মত পার্থক্য বলে দল-মত নির্বিশেষে এই মিছিলে যোগদান করা উচিত। মিছিলটি হবে আগামী ৯ আগস্ট রবিবার। সকাল ১১ টা থেকে শুরু হবে এই মিছিল, এবং এই মিছিলের আয়োজন করা হয়েছে শিয়ালদা স্টেশন চত্বর এলাকায়। এমনকি প্রতিবাদ মিছিলের মূল স্লোগান রাখা হয়েছে “দেশ নায়ককে অপমান, আমরা মানব না! নেতাজির সম্মান রক্ষায় পথে নামুন, গর্জে উঠুন!”

আরও পড়ুন: এবার বদলাবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম, কী হবে? জানালেন অগ্নিমিত্রা পাল

তবে ইতিমধ্যেই এই মিছিলকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে পোস্টার এবং ব্যানার টাঙানো শুরু হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই পোস্টার শেয়ার করে সকলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। উদ্যোক্তাদের মতে, তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিক, প্রত্যেকেরই উচিত দেশপ্রেমিক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করা।