৬০০০ রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা, কথা রাখলেন তরুণজ্যোতি

Published:

Tarunjyoti Tewari

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিশ্রুতি পূরণ করলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। কিছুদিন আগে গণেশ পুজোর আবহেই বিনামূল্যে ৬০০০ রোগীর চোখের চিকিৎসার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন তিনি, আর সেই ঘোষণার পর এবার যথারীতি মিলল পরিষেবা (Tarunjyoti Tiwari Free Eye Surgery Scheme)। সফলভাবে প্রথম রোগীর চোখের চিকিৎসা সম্পন্ন হল নামী চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটে (Shankara Jyoti Eye Institute)। আর এই খুশির খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজারহাট গোপালপুর বিধায়ক তথা আইনজীবি তরুণজ্যোতি তিওয়ারি।

৬০০০ রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসার লক্ষ্যমাত্রা

সম্প্রতি, গণেশ পুজোর আবহে বড়সড় মানবিক উদ্যোগের ঘোষণা করেছিলেন রাজারহাট গোপালপুর বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। জনসমক্ষে ঘোষণা করেছিলেন যে আগামী দিনে ৬ হাজার চোখের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। আর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নামী চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। জানা গিয়েছে, গতকাল, রবিবার, প্রথম রোগীর চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তরুণজ্যোতি তিওয়ারি।

কী বলছেন বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি?

জানা গিয়েছে, ভিডিওর ক্যাপশনে রাজারহাট গোপালপুর বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, “ গণেশ পূজোয় ঘোষণা করেছিলাম বছরের ৬০০০ চোখের অপারেশন বিনামূল্যে হবে। পরিষেবা শুরু হয়ে গেছে এবং Shankara Jyoti Eye Institute কে ধন্যবাদ.. প্রথম চোখের অপারেশন হল…” ভিডিওতে দেখা যাচ্ছে, Shankara Jyoti Eye Institute-এ চোখের অপারেশন পর রোগীর পরিবারের সদস্য ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং এই মানবিক উদ্যোগের জন্য বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছেন।

আরও পড়ুন: ‘টাকার লোভ দেখানো হচ্ছে’, পার্কস্ট্রিটের সীতাদেবীকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস অগ্নিমিত্রার

কিছুদিন আগে, কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসীর কথা মাথায় রেখে এবং জনসংযোগ আরও বৃদ্ধি করতে একটি নিজস্ব ওয়েবসাইট চালু করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। জানা গিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এলাকাবাসী নিজেদের অভাব-অভিযোগ যেমন জানাতে পারবেন তেমনই এলাকার কাজকর্ম সম্পর্কিত সমস্ত আপডেট দেওয়া থাকবে। এছাড়াও স্থানীয়দের আইনি বা প্রশাসনিক বিষয়েও যোগাযোগের সুবিধা দেওয়া হবে।