প্রীতি পোদ্দার, কলকাতা: বহু চর্চা বিতর্কের পর অবশেষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) প্রথমবার বাংলার মাটিতে উড়ল গেরুয়া ‘ঝড়’। আর সেই ঝড়ে বিধ্বস্ত ১৫ বছরের তৃণমূল সরকার। মোট ২০ জন মন্ত্রী ভোটের ময়দানে ধরাশায়ী। এদিকে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করে দিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। এমতাবস্থায় রাজ্য সরকারের (Government Of West Bengal) মামলার পক্ষে বা বিপক্ষে রায় নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) ছুটল বিজেপিপন্থী আইনজীবীরা।
হাইকোর্টে বিশেষ অনুরোধ আইনজীবীদের
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলায় রায় ঘোষণা নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সেই মামলায় রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করার জন্য হাই কোর্টে অনুরোধ করেন বিজেপির আইনজীবীরা। কারণ গতকালই বিজেপি, তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। বদলে যেতে চলেছে সরকার। যদিও বিজেপি নতুন সরকার গঠনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।
কী বলছেন বিচারপতি?
বিজেপিপন্থী আইনজীবীদের অনুরোধ, রাজ্যে বর্তমানে এক রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন হয়েছে। ফলস্বরূপ নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতেও সময় লাগবে। তাই এই অবস্থায় আদালত যাতে রাজ্যের মামলাগুলিতে এখনই কোনও রায় দান না করে তারই অনুরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আইনজীবীদের উদ্দেশে বলেন, “ রাজ্য সরকারের বিভিন্ন মামলার বিষয়বস্তু দেখে আপনাদের আবেদন বিবেচনা করা হবে।”
আরও পড়ুন: পরিচারিকা থেকে বিধায়ক হলেন কলিতা মাজি, আউশগ্রামে নজির গড়ল বিজেপি
প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচনে কোনও মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। আর তাতেই ব্যাপক জয়লাভ করেছে তারা। কিন্তু এখন প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। যদিও এর আগে অমিত শাহ প্রচারে এসে আগেই জানিয়েছিলেন যে বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ্যমন্ত্রী হবে এরাজ্যে। আর তাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারে রাজনাথ সিং এবং অমিত শাহ। এছাড়াও মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।










