অন্নপূর্ণা ভাণ্ডারে ৩৬ হাজার কোটি বরাদ্দ, বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা

Published:

West Bengal Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট আজ (West Bengal Budget 2026)। একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেখানেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য কর্মচারীদের বেতন বৃদ্ধি, পরিকাঠামগত উন্নয়ন সহ একাধিক ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) নিয়ে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। স্পষ্ট জানালেন যে, অন্নপূর্ণা যোজনায় মোট ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, এবং মহিলারা পাবে প্রতি মাসে ৩০০০ টাকা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

এদিনের বাজেট নিয়ে রাজ্যবাসীর প্রত্যাশা ছিল অনেকখানি। বিশেষ করে সরকারি কর্মচারীরা তাদের ডিএ বৃদ্ধি বা বেতন বৃদ্ধির আশায় দিন গুনছিলেন। আর তাতেই শিলমোহর দিয়েছে রাজ্যের নতুন সরকার। তবে অন্নপূর্ণা নিয়েও বাজেট ঘিরে ছিল উৎসাহ। যদিও ইতিমধ্যেই চালু হয়েছে এই প্রকল্প। জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকতেও শুরু করেছে। তবে এখনও পর্যন্ত যারা ভাতা পাননি, তাদের জুলাই মাসের ১ তারিখে টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই কারণে বাজেট ঘিরে রাজ্যের মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল। অবশেষে অর্থমন্ত্রী তা নিয়ে ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারে ইতিমধ্যেই মহিলাদের আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হয়েছে, এবং এই প্রকল্পের জন্য আমরা ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করছি। পাশাপাশি এদিন তিনি বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়িয়েছেন। এমনকি গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: মেসি কাণ্ডে দ্বিতীয়বার থানায় অরূপ, বাইরে জুতোর মালা নিয়ে বিক্ষোভ জনতার

না বললেই নয়, অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই ১ কোটির বেশি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তাদের প্রত্যেকের ১ জুলাই থেকেই ৩০০০ টাকা করে ঢুকবে। জনকল্যাণ শিবের থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পৌঁছেছে এবং ৫ তারিখ দ্বিতীয় দফা মিলিয়ে মোট ৫০ লক্ষের বেশি মহিলারা সুবিধা পেয়েছেন। তবে যারা এখনও পর্যন্ত ভাতা পাননি তাদের চিন্তার কোনও কারণ নেই।