প্রীতি পোদ্দার, কলকাতা: বহু অপেক্ষার অবসান হল আজ। অবশেষে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একধাক্কায় ২০ শতাংশ DA বেড়ে এবার রাজ্য সরকারি কর্মীরা পাবেন সর্বমোট ৩৮ শতাংশ ডিএ (Dearness Allowance)। আগামী ১ অক্টোবর থেকে এই ঘোষণা কার্যকরী হবে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই বেশ খুশি সরকারি কর্মীরা। আর এবার এই প্রসঙ্গে পূর্বতন সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কী বলছেন মুখ্যমন্ত্রী?
বাজেট পেশের পরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সরকারী কর্মীদের DA বৃদ্ধির প্রসঙ্গে বলেন, “পুজোর মাসেই রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত DA ঢুকে যাবে। দ্রুততার সঙ্গে বাকি সব বকেয়া ক্লিয়ার করে দেব। ২০ শতাংশ DA বৃদ্ধির পরেও যে ফারাক রইল তা ধীরে ধীরে মিটিয়ে ফেলা হবে। শীঘ্রই DA-তে কেন্দ্র ও রাজ্যের ফারাক মিটবে। স্বপন দাশগুপ্তের আরও একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। আমি তো সঙ্গে আছি। সপ্তম বেতন কমিশনের জন্য ইতিমধ্যেই কমিটি গড়ে দেওয়া হয়েছে।”
পূর্বতন সরকারকে কটাক্ষ শুভেন্দুর
DA বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন রাজ্য সরকার এবং বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “বামেদের ৩৪ বছরের শাসনকালে চিরকুটে চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে, কলকারখানা বন্ধ করা হয়েছিল। এমনকি তৃণমূল সরকারও কম যায়নি। আপনাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও ২ শতাংশ ও কখনও ৪ শতাংশ। তাও বলত কুকুরের মতো ঘেউ-ঘেউ করবেন না। আমরা কিন্তু কথা রেখেছি।” অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, বাম হোক বা তৃণমূল, একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কেউই ভাবেনি সরকারি কর্মীদের কথা।
আরও পড়ুন: বিকেলেই ঝেঁপে বৃষ্টি, হড়পা বানের আশঙ্কা উত্তরবঙ্গে! আগামীকালের আবহাওয়া
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে মহার্ঘ ভাতা পান ৬০ শতাংশ। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারি ও সরকার পোষিত কর্মীরা পেতেন ১৮ শতাংশ DA। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA ফারাক ছিল ৪২ শতাংশ। কিন্তু এবার এক সঙ্গে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মীরা পাবেন মোট ৩৮ শতাংশ DA। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে ফারাক কমে হল ২২ শতাংশ। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই ফারাক অনেকটাই কমবে










