বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশবাসীর যাতায়াতের অন্যতম মাধ্যম ট্রেন। প্রতিদিন ভারতীয় রেলের (Indian Railways) নানান লোকাল, মেল বা এক্সপ্রেস ট্রেনে চেপে এক স্থান থেকে নিজের গন্তব্যে পৌঁছন যাত্রীরা। যাত্রী পরিষেবাকে আরও সুগম এবং আরামদায়ক বানানোর লক্ষ্যে ইতিমধ্যেই রেল ব্যবস্থায় যুক্ত হয়েছে বন্দে ভারত (Vande Bharat Express), তেজস এক্সপ্রেসের মতো উচ্চগতির ট্রেনগুলি। ভারতীয় রেলের গর্ব বলা হয় এদের। তবে অনেকেই হয়তো জানেন না, বন্দে ভারত, তেজস বা রাজধানী নয়, এমন একটি ট্রেন রয়েছে যা একেবারে অল্প সময়ের মধ্যে দেশবাসীর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। কোন ট্রেন জানতে চান নিশ্চয়ই?
এই ট্রেনই ভারতীয়দের প্রথম পছন্দ
বন্দে ভারত, বন্দে ভারত স্লিপার এমনকি তেজস এক্সপ্রেস থাকা সত্ত্বেও একেবারে অল্প সময়ের মধ্যে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। সময়ের সাথে সাথে ক্রমশ যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্রেনটি। বলাই বাহুল্য, মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পকেটের কথা চিন্তা করেই অমৃত ভারত এক্সপ্রেস চালু করেছিল ভারতীয় রেল। অল্প খরচে সমাজের সর্বস্তরের যাত্রীরা যাতে আরামে দূরদূরান্তে পৌঁছতে পারেন সে জন্যই ট্র্যাকে ছুটেছিল অমৃত ভারত এক্সপ্রেস।
আর পাঁচটা দূরপাল্লার ট্রেনের মতোই উন্নত মানের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এই ট্রেনের ভাড়া অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেকটাই কম। ট্রেনটিতে রয়েছে 11টি জেনারেল কোচ, 8টি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার এবং দুটি লাগেজ কাম ডিসেবল কোচ। এই ট্রেনে কোনও এসি কোচের ব্যবস্থা নেই। আসলে অল্প খরচে দূর দূরান্তে আরামদায়ক ভ্রমণের জন্যই এই ট্রেনটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতের যাত্রীরা। কমবেশি প্রত্যেকই জানেন, অমৃত ভারত এক্সপ্রেসের অন্তর সজ্জা সম্পর্কে। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থেকে শুরু করে নরম সিট এমনকি প্রত্যেকটি কোচে রয়েছে LED লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট, সিসিটিভি ক্যামেরা এবং সেমি অটোমেটিক কাপলার।
অবশ্যই পড়ুন: ‘৭৭% ট্রেন চলেছে একেবারে সঠিক সময়ে’ দাবি রেলমন্ত্রীর! কোন বিভাগে?
এছাড়াও, অমৃত ভারত এক্সপ্রেসের প্রতিটি কোচের বার্থের ডিজাইন অন্যান্য এক্সপ্রেসের তুলনায় অনেকটাই উন্নত এবং সুন্দর। রেল বলে, অল্প খরচে অন্যান্য এক্সপ্রেসের সাধারণ কামরার থেকে এই ট্রেনে কম নয় বরং বেশি সুবিধা পান যাত্রীরা। সেজন্যই এই ট্রেনটি অন্যান্য ট্রেনগুলির থেকে একটু আলাদা। সবচেয়ে বড় কথা, বন্দে ভারত এক্সপ্রেসের মতোই যাত্রী সুরক্ষায় এই ট্রেনে সব রকম ব্যবস্থা দিয়েছে রেলওয়ে। তাই সমাজের তৃণমূল স্তরের কাছে এই ট্রেনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সেদিক থেকে দেখতে গেলে বন্দে ভারতের মতো ট্রেনকেও হার মানিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস।












