প্রীতি পোদ্দার, কলকাতা: টানটান পরিস্থিতি বঙ্গ রাজ্য রাজনীতিতে। আর কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে আসতে চলেছে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ফলাফল। প্রথমে সকাল ৮ টা থেকে পোস্টাল ব্যালট, তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। এদিকে গতকাল, রবিবার সন্ধ্যায় রাস্তা থেকে বিপুল ভিভি প্যাটের স্লিপ উদ্ধারের (VV Pat Slips Scattered On Roadside) অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার সুভাষনগরে। শেষে উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট চাওয়ার পরই আসল কারণ ফাঁস করল নির্বাচন কমিশন (Election Commission Of India)।
রাস্তায় ভিভি প্যাটের স্লিপ গড়াগড়ি!
রিপোর্ট মোতাবেক, গতকাল, রবিবার, বিকেলে মধ্যমগ্রাম বিধানসভা অন্তর্গত সুভাষ নগর এলাকায় প্রথমে রাস্তায় ভিভি প্যাটের স্লিপ পড়ে থাকতে দেখেন বেশ কিছু নাগরিক। রাস্তার ধারে ঝোপের মধ্যে নোয়াপাড়ার সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামের বেশ কিছু স্লিপ পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সকলের দাবি ছিল এগুলি নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পুরসভার ২৯ নম্বর বুথের স্লিপ। তারপরেই উপস্থিত হন দলের নেতা-কর্মীরা। মুহূর্তের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে থাকে কমিশনের বিরুদ্ধে।
কী বলছে কমিশন?
ঘটনার খবর পেয়েই সুভাষনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত হয়েছিল নীলগঞ্জ ফাঁড়ির পুলিশও। এদিকে খবর পৌঁছাতেই নড়েচড়ে বসেছিল কমিশনও। গতকালই উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু পরে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে, এগুলি আসলে ভোটের আগে মক পোলের ভিভি প্যাটের স্লিপ। এগুলি ভোটের দিনের VVPAT স্লিপ নয়। অর্থাৎ নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তবে স্লিপগুলি কী ভাবে রাস্তায় এল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন: খেল দেখাবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আভাস, আজকের আবহাওয়া
নিয়ম অনুযায়ী, মক পোল শেষ হওয়ার পর EVM-এর ডেটা মুছে দেওয়া হলেও ওই স্লিপগুলি নির্দিষ্ট খামে সিল করে সুরক্ষিত রাখার কথা। কিন্তু তা না করে কেন রাস্তায় স্লিপগুলো ফেলে রাখা হল, তা নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর বিহার বিধানসভা নির্বাচনের পরও ঠিক একইভাবে রাস্তায় ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছিল। সেই সময়ও দায়িত্বরত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন দেখার এই ঘটনায় কমিশন কী পদক্ষেপ নেয়।










