“ভারতের সামরিক শক্তিকে সম্মান করি, জানি আমরা..” আত্মসমর্পণ করল পাকিস্তান?

Published:

Pakistan On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ভারতের সামরিক শক্তির কাছে কার্যত আত্মসমর্পণ করল পাকিস্তান (Pakistan)! ঘুরিয়ে স্বীকার করে নিল ভারতের সামরিক শক্তি বিশাল। এবার পাকিস্তান সেনাবাহিনীর (Pakistan Army) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মেনে নিলেন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ক্ষমতাশালী! সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীতে আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক হিসেবে কর্মরত চৌধুরী বুঝিয়ে দিলেন, ভারতের প্রতিরক্ষা বাজেট বিশাল এবং নয়া দিল্লির সাথে প্রতিযোগিতায় নামার মতো ক্ষমতা পাকিস্তানের নেই!

ফের ভারতের কাছে আত্মসমর্পণ করল পাকিস্তান?

চিরকালই একপ্রকার ক্ষমতার বাইরে গিয়ে বীরত্ব দেখিয়ে এসেছে পাকিস্তান! এবার সেই ইসলামাবাদের গলাতেই অন্য সুর। সম্প্রতি আল আরাবিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের সামরিক ক্ষমতা নিয়ে মুখ খুলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা ও শত্রুর উপর ভারতের হামলার যে সক্ষমতা তা নিয়ে পাকিস্তান কতটা উদ্বিগ্ন?

সাংবাদিকের প্রশ্নের জবাবে পাক সেনাবাহিনীর জেনারেল একেবারে খোলাখুলি জানান, “আমরা ভারতীয় সামরিক সক্ষমতাকে সম্মান করি। জানি আমরা তারা তাদের সামরিক সক্ষমতা ও সামরিক মজুদ বাড়াতে প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত। এর মানে এই নয় যে আমরা ভারতের সাথে কোনও অস্ত্র প্রতিযোগিতা করছি।” প্রতিবেশী দেশকে কিছুটা সমীহ করেই পাক সেনাবাহিনীর ওই লেফটেন্যান্ট জেনারেল বললেন, বিশ্বের কোনও দেশের বিরুদ্ধেই নাকি আগ্রাসী নয় পাকিস্তান!

অবশ্যই পড়ুন: “হাসিনাকে আমাদের হাতে তুলে দিলেই ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে!” বলল বাংলাদেশ

তাঁর কথায়, “আমাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রতিরক্ষামূলক। বিশ্বের কোনও দেশের বিরুদ্ধেই আমাদের আগ্রাসী উদ্দেশ্য নেই। এই মনোভাব আমরা একেবারেই রাখি না। আমাদের প্রতিরক্ষা সক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে।” এদিন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে চৌধুরী বলেছিলেন, পাক সেনাবাহিনীর শক্তি অন্যান্য দেশের তুলনায় কম ভাবলে ভুল হবে! যেকোনও ধরনের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত তারা। তবে এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে পাক সেনার ওই কর্মকর্তা কার্যত স্বীকার করে নিলেন, ভারতের প্রতিরক্ষা বাজেটের সাথে পেরে উঠবে না পাকিস্তান!