বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটসম্যানদের ত্রাস! টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই প্লেয়ারই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলকে একটি উইকেটও তুলে দিতে পারেননি। অবাক লাগলেও, মুম্বইয়ের 5 ম্যাচে খাতায় একটি উইকেটও যোগ করতে পারেননি ভারতের ধুরন্ধর পেসার। একটা সময় যে বুমরাহ MI তে হিরোর ভূমিকা পালন করতেন, বল হাতে সবচেয়ে বেশি উইকেট ভাঙতেন, তাঁর এমন উইকেট শূন্যতা ভাবাচ্ছে ভক্তদেরও। এক কথায়, হিরো থেকে একেবারে জিরোতে এসে দাঁড়িয়েছেন ভারতীয় তারকা।
কেন এমন দুর্দশা বুমরাহর?
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বইয়ের হয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে দিল্লি, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এমনকি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছেন বুমরাহ। তবে বল হাতে একটি উইকেটও দলকে তুলে দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, ভারতের দাপুটে বোলার এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এতটাই ব্যর্থ যে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রানটাও আটকাতে পারছেন না তিনি।
বলাই বাহুল্য, উইকেট নেওয়ার পাশাপাশি যে বোলার রান আটকানোর জন্য প্রসিদ্ধ, সেই বুমরাহ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত মোট 164 রান দিয়েছেন। তাঁর ইকোনোমি রেট 8.63। ভাবা যায়! প্রত্যেক ওভারে কমবেশি 8-9 রান দিচ্ছেন তিনি। বুমরাহর মতো একজন বোলারের এমন খারাপ দশা সত্যিই অবাক হওয়ার মতোই। কিন্তু কেন এমন অবস্থা ভারতীয় ক্রিকেটারের? কেন উইকেট শূন্যতায় ভুগতে হচ্ছে তাঁকে?
অবশ্যই পড়ুন: বাংলার নির্বাচনে লড়বে জিন্নার মুসলিম লিগ! দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা IUML-র
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এতদিন ব্যাটসম্যানরা যেখানে বুমরাহকে দেখলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেন, তাঁর বোলিং দেখে সতর্ক এবং দ্বিধাগ্রস্ত হয়ে যেতেন সেই ব্যাটসম্যানরাই এবছর ভারতীয় বোলারের সামনে বুক চিতিয়ে খেলছেন। একেবারে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে, নির্ভয়ে বুমরাহর বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি লাগাচ্ছেন। এদিকে ব্যাটসম্যানদের এমন আগ্রাসী ব্যাটিং দেখে নিজের মনোবল হারিয়ে ফেলছেন বুমরাহ। সম্প্রতি রাজস্থানের ম্যাচে বুমরাহকে প্রথম বলেই 6 দেখিয়েছিলেন 15 বছরের বৈভব সূর্যবংশীও। ক্রিকেট বিশেষজ্ঞরা এও বলেছেন, বুমরাহ বেশিরভাগ স্লোয়ার ডেলিভারি করছেন। ফলে আগে থেকে প্রস্তুত হয়ে ব্যাট চালাচ্ছেন ব্যাটসম্যানরা। উইকেট নিতে হলে তাঁকে নিজের বোলিংয়ের ধরণ এবং কৌশলে বদল আনতে হবে।










