ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য কারা? সংসদে জানিয়ে দিল কেন্দ্র

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় পাসপোর্ট (Indian Passport) কি নাগরিকত্বের প্রমাণ? এ নিয়ে আগেই বিতর্কিত মন্তব্য করেছিল বিদেশমন্ত্রক। এস জয়শঙ্করের মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধুমাত্র বিদেশ ভ্রমণের নথি। এমন মন্তব্যের পর নানা মহলে তৈরি হয়েছিল বিতর্ক। অনেকেই এ নিয়ে নানান মন্তব্য করেন। এবার সে বিষয়টাই কিছুটা খোলসা করল কেন্দ্র। সংসদে কেন্দ্র জানিয়েছে ঠিক কারা ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য।

কাদের দেওয়া হবে ভারতের পাসপোর্ট?

এর আগে বিদেশ মন্ত্রকের পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে প্রশ্ন উঠেছিল তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি? বৃহস্পতিবার, তা নিয়ে সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য। একই সাথে নরেন্দ্র মোদি সরকারের তরফে সংসদে এও জানানো হয়, পাসপোর্ট এমন এক নথি যা ভারতের নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধা দেয়।

তবে, কেন্দ্রের তরফে এদিন পাসপোর্ট নিয়ে সাফাই দেওয়া হলেও ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ কিনা বা আদতে নাগরিকত্বের প্রমাণ কোনটি তা নিয়ে কোনও স্পট তথ্য পাওয়া যায়নি। এক কথায়, কেন্দ্রের নতুন মন্তব্যের পরেও নাগরিকত্ব নিয়ে কাটেনি সংশয়।

অবশ্যই পড়ুন: পাকিস্তান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আমন্ত্রণ জানাতে চলেছে পাক সরকার

বলাই বাহুল্য, এদিন একেবারে লিখিতভাবে পাসপোর্ট সংক্রান্ত প্রশ্ন করেছিলেন রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব। তাঁর প্রশ্ন ছিল, ভারতীয় পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ করে কিনা। একই সাথে, বিদেশি নাগরিকত্ব গ্রহণ করার পর সেটা ভারতীয় নাগরিকত্বের উপর প্রভাব ফেলবে কিনা। এছাড়াও এই সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন করেন তিনি। উত্তরে রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, নির্দিষ্ট প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পর পাসপোর্ট আইন 1967 এর অধীনে বিদেশ ভ্রমণের জন্য ভারত সরকার পাসপোর্ট ইস্যু করে থাকে। তবে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ কিনা সে বিষয়ে সরকার স্পষ্ট করে কিছুই জানায়নি।”