ন্যাড়া করিয়ে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটানো হল হাওড়ার কুখ্যাত ডনকে, ভাইরাল ভিডিও

Published:

Howrah Police

প্রীতি পোদ্দার, কলকাতা: এ কী কাণ্ড! মাথা ন্যাড়া, পরনে সাদা গেঞ্জি ও অন্তর্বাস। চারিপাশে ঘিরে রয়েছেন অজস্র হাওড়া পুলিশ (Howrah Police) কর্মী, উত্তর হাওড়ার রাস্তায় রবিবার সকালে এমনই দৃশ্য দেখা গেল। কেউ কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়। পরে জানা যায় রাস্তা দিয়ে যিনি হাঁটছেন তিনি আসলে কুখ্যাত গ্যাংস্টার আকাশ সিং (Gangstar Akash Singh)। আর তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়, ভরা বাজারে এমন দৃশ্য দেখতে উপচে পড়েছিল ভিড়।

দাবাং রূপ রাজ্য পুলিশের

২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল উত্তর হাওড়ার কুখ্যাত ‘ডন’ আকাশ সিং। এছাড়াও তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক এবং অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর নাম শুনলে কাঁপতেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে রীতিমতো চর্চা হয় এলাকায়। কলকাতার বিভিন্ন পানশালায় যাতায়াত ছিল তাঁর। কিন্তু পুলিশ তাঁর নাগাল পাচ্ছিল না। অবশেষে কিছুদিন আগেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। কিন্তু গ্রেফতারির পরেই এবার চিত্র পাল্টে যায়।

অন্তর্বাস পরিয়ে রাজপথে ঘোরানো হল ‘ডন’-কে

গত কয়েকদিন আগেই যার দাপটে এক সময়ে উত্তর হাওড়ায় আকাশ সিংয়ের নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত, এখন সেই ডন আকাশ সিং-কেই এ দিন মাথা মুড়িয়ে, গেঞ্জি আর অন্তর্বাস পরিয়ে ঘোরানো হল উত্তর হাওড়ার রাজপথে। পুলিশ জানিয়েছে, রবিবার ২০২১ এবং তার পরে আকাশের বিরুদ্ধে যে সব জায়গায় হামলা চালানোর অভিযোগ উঠেছিল, এ দিন সেখানে তাঁকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়েছিল। যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন আসলে পুলিশ আসলে জেলার সমস্ত দুষ্কৃতীদের উদ্দেশেই এইভাবে কঠোর বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: আবেদনের সময় এই ভুল করলেই মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড! আগেভাগে জানুন

রবিবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অনেকে। কেউ কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়। আবার কেউ কেউ টিপ্পনীও দেন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলের জন্য কড়া বার্তা দিয়েছেন। জানিয়েছিলেন, পুলিশের উপর কোনওরকম হামলা তিনি বরদাস্ত করবেন না। তারপরই এই দৃশ্য দেখা গেল। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, সবে তো শুরু হল, এখনও অনেক কিছু দেখবেন তৃণমূলের গুণ্ডা মাফিয়ারা।