প্রাণ জুড়িয়ে দেবে প্রকৃতির সৌন্দর্য, ঘুরে আসুন ডুয়ার্সের অচেনা গ্রাম ‘বড়দাবরি’

Published:

Barodabri Dooars

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় যে হারে গরম পড়েছে সেখানে মানুষের প্রাণ জানা যায় যায় অবস্থা। এই সময় টুক করে কোনো ঠান্ডা জায়গা থেকে ঘুরে এলে কতই না ভালো হতো, এই ভাবনা এখন সকলের মনে ঘুরছে। কিন্তু ঘুরতে গেলেই তো আর হলো না, বাজেটের কথাটাও মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় কথা ঠান্ডা পাহাড় বলতে তো মানুষের মাথায় আসে সেই দার্জিলিং নয়তো কালিম্পং নয়তো সিকিম। কিন্তু আর বিরক্ত হওয়ার কারণ নেই, কারণ আজকে এই প্রতিবেদনে আপনাদের এমন এক সুন্দর ও ঠান্ডা জায়গার সন্ধান দেবো যেখানে গেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। মনে হবে আর যেন ফিরে না যেতে হয়। আজ কথা হবে ডুয়ার্সের (Dooars) ‘বড়দাবরি’ (Barodabri) নিয়ে।

গরমে ঘুরে আসুন ডুয়ার্স-এর ‘বড়দাবরি’

এখন নিশ্চয়ই ভাবছেন ‘বড়দাবরি’ কোথায়? তাহলে জানিয়ে রাখি, ‘বড়দাবরি’ ডুয়ার্স-এ রয়েছে। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি গ্রাম। শহরের কোলাহল, জ্যাম, স্ট্রেস এখানে এলে আপনি ভুলে যেতে বাধ্য। গরম হোক বা বর্ষা, যে কোনো সময়ে আপনি এখানে ঘুরে আসতে পারেন। এখানে রয়েছে সবুজের সমাহার যা আপনার চোখ ও মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে বাধ্য।

এমনিতেই বর্ষাকালে ডুয়ার্সের সৌন্দর্য অপরূপ ও অনন্য হয়ে উঠে। এই সময় ডুয়ার্সের জঙ্গল আরো ঘন সবুজে সেজে ওঠে, পাহাড়ি নদীগুলো বৃষ্টির জলে চঞ্চল হয়ে উঠে। বৃষ্টির ভালো আওয়াজ আর জঙ্গলের ঐশ্বর্য একসাথে মিলেমিশে আপনাকে এক আলাদাই পৃথিবীতে নিয়ে যাবে। সেখানে বড়দাবরি এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। হাসিমারা বিমানঘাঁটি থেকে ৩ কিমি দূরে বড়দাবরি অবস্থিত। এটি ডুয়ার্স অঞ্চলের হাসিমারা বিমানঘাঁটির সংলগ্ন একটি ছোট গ্রাম এবং জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ১৫ কিমি দূরে অবস্থিত। গ্রামের পেছন দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদী বড়দাবরি পরিবেশকে আরও শান্ত করে তুলেছে। এখানে বহু প্রজাতির প্রাণী, পাখি আছে।

কী কী দেখবেন?

বড়দাবরি শুধু উদ্ভিদ ও প্রাণীজগতে সমৃদ্ধই নয়, এটি সবুজ চা বাগান দ্বারা পরিবেষ্টিত, যা সকল পর্যটকদের জন্য এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। বড়দাবরি ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মে মাস। এই গ্রামের আশেপাশে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন দক্ষিণ খায়েরবাড়ি প্রকৃতি উদ্যান, যা বরোদাবড়ি থেকে ২০ কিমি দূরে অবস্থিত। অন্যান্য আকর্ষণীয় স্থানগুলির মধ্যে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ (৬০ কিমি), ভুটানের ফুয়েনশোলিং (২০ কিমি) এবং কুঞ্জনগর ইকো পার্ক (৩০ কিমি)।

আরও পড়ুনঃ ২ জেলায় তাপপ্রবাহ, ৩ জায়গায় তেড়ে ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

কীভাবে যাবেন?

এর জন্য ট্রেনে করে প্রথমে আপনাকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে একটি গাড়ি বিসার্ভ করে আপনাকে পৌঁছে যেতে হবে ডুয়ার্সের বড়দাবরি গ্রামে। শিলিগুড়ি থেকে বড়দাবরির দূরত্ব ১৪০ কিমি। শিলিগুড়ি থেকে নিয়মিত বাস যায় মাদারিহাট হয়ে হাসিমারা। হাসিমারা থেকে মাত্র ৩ কিমি দূরে বড়দাবরি গ্রাম।