জামাইষষ্ঠীতে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: একটানা ভারী বৃষ্টির জেরে জল থৈথৈ অবস্থার সবদিকে। কলকাতা সহ বাংলার বহু মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই বৃষ্টি খুবই দরকার ছিল। সকলের মুখে এখন একটাই কথা, যাক বর্ষার বৃষ্টি তবে অবশেষে শুরু হলো। এদিকে আজ শনিবার আবার জামাইষষ্ঠী পড়েছে। ঘরে ঘরে সকলের প্রস্তুতি তুঙ্গে। সকলের ঘরে ঘরে এখন একটাই প্রশ্ন আজকে কি দুর্যোগের (Weather Today) সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাংলার বাকি জেলাগুলিতে? আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের উপরেই ঘূর্ণাবর্ত অবস্থান করায় লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। এদিকে আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। যে কোন মুহূর্তে বৃষ্টি নামতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শনিবার জামাইষষ্ঠীর দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত প্রবল দুর্যোগের ভ্রুকুটি রয়েছে। আজ শনিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে লাল কমলা সতর্কতা। আজ যেমন ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিনও উত্তরবঙ্গে জেলাগুলিতে রয়েছে লাল কমলা সর্তকতা জারি। অতি প্রবল ভারী বর্ষণের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এইসঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। অর্থাৎ ছুটির দিনে প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে সমগ্র বাংলা।