বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল আমলে হয়নি। তাই রাজ্যে পালাবদল হতেই দীর্ঘ এক দশকেরও বেশি সময় কাটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান পর্যালোচনা বৈঠকে অংশ নিল পশ্চিমবঙ্গ (Government Of West Bengal)। রাজ্যের তরফে আজ অর্থাৎ মঙ্গলবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বিভিন্ন পুরো অঞ্চলের পরিচ্ছন্নতা এবং পরিকাঠামের উন্নয়নকে সামনে রেখে একাধিক ঘোষণা করলেন মন্ত্রী।
একগুচ্ছ নতুন ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
এদিন কেন্দ্রের উচ্চপর্যায়ের বৈঠক শেষ করেই সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তারপরেই তিনি একেবারে খোলাখুলি জানালেন, বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্য বলা ভাল দেশের শীর্ষস্থানীয় পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলিকে মডেল হিসেবে সামনে রেখেই এবার শহর কলকাতা তথা গোটা বাংলা আবর্জনা মুক্ত হবে। আর সেটা করার জন্যই তৈরি হবে নীল নকশা। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা একেবারে নাম করে বলেন, “ইন্দোর থেকে শুরু করে ভোপাল বা লখনউ এর মতো শহরগুলিতে অনেক কাজ হয়েছে। এ থেকে আমরা অনেকটাই অনুপ্রাণিত। এবার বাংলা, কলকাতা, আসানসোল, দুর্গাপুর এমনকি দার্জিলিংকে এই পর্যায়ে নিয়ে যাব।”
মন্ত্রীর কথায়, সময় বের করে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি বর্জ্য পৃথকীকরণের উপর জোর দেওয়া হবে। বর্জ্য পৃথকীকরণ যতটা বেশি হবে ততই অতিরিক্ত ভ্যালু এডিশন করে আবর্জনাকে ফের কাজে লাগানো সহজ হবে। এদিন বক্তব্য রাখতে রাখতে আচমকা রাজ্য সরকারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দক্ষিণবঙ্গের আসানসোল এবং দুর্গাপুর ও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ এই চার শহরকে পাইলট প্রোজেক্টের আওতায় আনেন মন্ত্রী। অগ্নিমিত্রা পাল বলেন, “এই চারটি শহরের আধুনিকীকরণ এবং পরিচ্ছন্নতার জন্য শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে 200 কোটি টাকার বিশেষ পরিকল্পনা জমা দেবে রাজ্য সরকার।”
Happy to attend the National Review Programme of Swachh Bharat Mission – Urban 2.0 at Vigyan Bhavan today — a collective step towards a cleaner, healthier, and more sustainable India. I remain committed to strengthening sanitation, urban development, and public welfare across my… pic.twitter.com/ju1mBCXj0w
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) May 19, 2026
অবশ্যই পড়ুন: ‘১০ হাজার কোটির রেভিনিউ লুঠ’, বীরভূমে প্রাক্তন সরকারের বড় কেলেঙ্কারি ফাঁস
প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসায় বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের শাসন চলছে। ফলে কেন্দ্র এবং রাজ্যর সমন্বয়ে আগামী দিনে বাংলার কাজে গতি আসবে বলেই আশা করছেন অনেকেই। এদিন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানালেন, স্বচ্ছ ভারত মিশনের মাদার স্যাঙ্কশন থেকেই বাংলায় কাজের জন্য তহবিল পাওয়া যাবে বলেই আশা করছেন তাঁরাও। এদিন অগ্নিমিত্রা এও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন বাংলায় কাজে অর্থের অভাব হবে না।










