বিক্রম ব্যানার্জী, কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে হাজারো টালবাহানার পর অবশেষে সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য টাকা দিতে রাজি হয়েছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বকেয়া DA র নির্ধারিত অংশ মেটাতে এবার নতুন পোর্টাল চালু করল অর্থ দপ্তর। আর সেই পোর্টালেই নিজেদের বকেয়া মহার্ঘ ভাতার হিসেব আপলোড করতে হচ্ছে সরকারি কর্মীদের। বলাই বাহুল্য, 2016 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ বাজার হিসেব আপলোড করতে হবে ওই পোর্টালে।
আদৌ সময়ের মধ্যে মিটিয়ে দেওয়া যাবে বকেয়া DA?
দেশের শীর্ষ আদালতের নির্দেশ মতো DA দেওয়ার প্রক্রিয়া শুরু করার আগে একটি আদর্শ কার্য পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করার কথা ছিল নবান্নের তরফে। যদিও তা নিয়ে কিছুই জানায়নি রাজ্য। এ নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরাও। অনেকেই মনে করছেন, আদর্শ কার্যপদ্ধতি চালু করা হলে রাজ্য সরকার ঠিক কোন প্রক্রিয়ায় বকেয়া মহার্ঘ ভাতা দেবে সেটা পরিষ্কার হবে।
এদিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নিয়ে কিছু না জানিয়েই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। তবে অনেকেরই সংশয় রয়েছে, আদৌ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় অর্থাৎ 31 মার্চ, মঙ্গলবারের মধ্যে অনলাইনে পোর্টালের মাধ্যমে হিসেব-নিকেশ করে সকলের পাওনাগন্ডা মিটিয়ে দেওয়া যাবে তো! এদিকে অনেকেই আবার মনে করছেন, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন ফলে মার্চ মাসের মধ্যেই DA এর প্রথম কিস্তি মিটিয়ে দেবে রাজ্য সরকার।
অবশ্যই পড়ুন : বিজেপি এই কাজ করলে সব প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল, ঘোষণা অভিষেকের
বকেয়া DA র হিসেব পোর্টালে আপলোড করতে পারছেন না কর্মচারীরা
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের তরফে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদান প্রাপ্ত সংস্থাগুলির কর্মীরাও। তবে কিছু শিক্ষক সংগঠন দাবি করছে, সরকারের চালু করা নতুন পোর্টালে সরকারি কর্মীরা ছাড়া আর কেউ নিজেদের বকেয়া মহার্ঘ ভাতার হিসেব আপলোড করতে পারছেন না। মূলত সে কারণেই নতুন করে সন্দেহ তৈরি হয়েছে আদৌ সরকারি কর্মীরা ছাড়া বাকিরা DA পাবেন তো। এ নিয়ে অবশ্য রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে চিঠি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।












