বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বারবার বলেছেন, তাঁর রাজ্যে রাস্তায় কেউ নামাজ পড়ে না। সেই নিয়ম অব্যাহত রাখতেই ফের আরও একবার কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবার এক অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ একেবারে খোলাখুলি জানালেন, কোনওভাবেই রাস্তা আটকে, সাধারণ মানুষের সমস্যা করে প্রার্থনা করা যাবে না। রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে কর্মী এমনকি বণিক প্রত্যেকের জন্য সরকারের নিয়ম সমান। রাস্তা যাতায়াতের জন্য, সেটা বন্ধ করে প্রার্থনা চলতে পারে না।
রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়া বার্তা যোগীর
ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “আমাকে প্রায়শই অনেকেই জিজ্ঞেস করেন উত্তরপ্রদেশে কি রাস্তায় নামাজ পড়া হয় না? আমি তাঁদেরকে গর্বের সাথে বলি একেবারেই হয় না। আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। ধর্মীয় প্রার্থনার কারণে সেই রাস্তা কেউ আটকে রাখতে পারে না। যেখানে প্রার্থনা করার কথা সেই নির্দিষ্ট স্থানে গিয়েই প্রার্থনা করতে হবে।
नमाज पढ़नी है, आप शिफ्ट में पढ़िए…
प्यार से मानेंगे ठीक है, नहीं मानेंगे तो दूसरा तरीका अपनाएंगे… pic.twitter.com/zDoz6YiqTZ
— Yogi Adityanath (@myogiadityanath) May 18, 2026
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এও বললেন, “অনেক সময় অনেকেই প্রশাসনকে যুক্তি দেন নামাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই রাস্তায় নামাজ পড়ছেন। বলি, সংখ্যা বেশি হলে একাধিক শিফটে প্রার্থনা করুন। যেখানে প্রার্থনা করা উচিত সেখানেই প্রার্থনা করতে হবে। যদি জায়গা না থাকে সেই মতো ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনেই প্রার্থনা করতে হবে।”
অবশ্যই পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার? জানালেন অগ্নিমিত্রা পাল
এদিন যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত। সেই আইন সবার জন্য সমান। সাধারণ নাগরিক থেকে শুরু করে, শ্রমিক, বড় ব্যবসায়ী, একজন অসুস্থ মানুষ কারও সমস্যা হতে দেওয়া চলবে না। প্রত্যেকের জন্য নিয়ম সমানভাবে প্রযোজ্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবশেষে কার্যত হুঙ্কার দিয়ে বলেন, সরকার প্রত্যেককে আলোচনার মাধ্যমে বিষয়গুলি মিটিয়ে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু কেউ যদি সরকারের নিয়ম না মানে তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। যোগীর কথায়, “রাস্তায় নৈরাজ্য চলবে না। ভালভাবে বোঝালে যদি মানুষ মেনে নেয় তাহলে ভাল, অন্যথায় বিকল্প পথ অবলম্বন করতে হবে।”










