টিকিট ক্যানসেলে মিলবে না রিফান্ড, নিয়মে বড় বদল রেলের!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের টিকিট বাতিল সংক্রান্ত নিয়মে আগেই বদল এনেছে ভারতীয় রেল (Indian Railways)। এবার টিকিট বাতিলের পর রিফান্ড সংক্রান্ত নিয়মে আসছে বদল। ভারতীয় রেলের একটি সূত্র দাবি করছে, নির্দিষ্ট কারণে ট্রেনের টিকিট বাতিল করলেও ফেরত মিলবে না অর্থ। এক কথায়, ট্রেনের টিকিট বাতিল করেও রিফান্ড পাবেন না আপনি। কিন্তু কেন? ঠিক কখন ট্রেনের টিকিট বাতিল করলে মিলবে না রিফান্ড? জানা যাচ্ছে, রিফান্ড সংক্রান্ত নিয়ম বদলানোর পাশাপাশি রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

টিকিট বাতিল করলেও মিলবে না রিফান্ড!

এমন অনেকেই রয়েছেন যাঁরা, কনফার্ম টিকিট হাতে নিয়েও ট্রেন ছাড়ার এক্কেবারে শেষ মুহূর্তে সেটি বাতিল করে রিফান্ড দাবি করেন। এমনও অনেকেই রয়েছেন যাঁরা ট্রেন ছাড়ার কিছু ঘন্টা আগে টিকিট বাতিল করে দেন। মূলত এমন প্রবণতা কমানো এবং রিজার্ভেশন বা সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রিজার্ভেশন টিকিট বাতিলের পর রিফান্ডের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে রেল।

রেল বলছে, যদি কোনও যাত্রী ট্রেন ছাড়ার 8 ঘণ্টারও কম সময়ে বা আগে ট্রেনের রিজার্ভ টিকিট বাতিল করে দেন সেক্ষেত্রে তিনি কোনও টাকা ফেরত পাবেন না। রেল আধিকারিকদের আশা, এই কঠিন নিয়মের মধ্যে দিয়ে একদিক থেকে যেমন রিজার্ভেশন ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ থাকবে তেমনই শেষ মুহূর্তে ট্রেনের টিকিট বাতিল করার ঝোঁক কমবে। সবমিলিয়ে, ক্ষতি এড়াতে পারবে রেল।

রেলের তরফে আর কোন কোন নিয়মে বদল এলো?

ভারতীয় রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ই টিকিট বাতিলের ক্ষেত্রে আলাদা করে এখন থেকে আর যাত্রীদের টিকিট ডিপোজিট ফাইল করে রিফান্ডের দাবি করতে হবে না। বরং একেবারে স্বয়ংক্রিয়ভাবেই রিফান্ডের টাকা যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও দূরপাল্লার ট্রেনের চার্ট তৈরির নিয়মেও বদল এনেছে রেল। এতদিন ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে চার্ট তৈরি করা হতো। তবে যাত্রীরা যাতে টিকিট কনফার্ম না হলে বিকল্প চিন্তা ভাবনা করার জন্য সময় পান সেজন্যেই এবার চার্ট তৈরির সময় বাড়িয়ে 9 থেকে 18 ঘন্টা করা হচ্ছে। অর্থাৎ ট্রেন ছাড়ার 9 থেকে 18 ঘন্টা আগে তৈরি করা হবে চার্ট।

অবশ্যই পড়ুন: IPL 2026 এ KKR র জন্য লাকি হয়ে উঠতে পারেন এই ৩ প্লেয়ার

এগুলি ছাড়াও রেল জানিয়েছে, যদি কেউ ট্রেন ছাড়ার 72 ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করেন তবে তিনি রিফান্ড দাবি করতে পারবেন। সেক্ষেত্রে ন্যূনতম চার্জ কাটা হবে। তবে যদি কেউ 72 থেকে 24 ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন তবে 25 শতাংশ চার্জ কাটা হবে। 24 ঘন্টা থেকে 8 ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে একেবারে অর্ধেক টাকা কেটে নেবে রেল। সবচেয়ে বড় কথা, যাত্রীরা ট্রেন ছাড়ার 30 মিনিট আগে পর্যন্ত তাঁদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। একই সাথে এখন থেকে যেকোনও স্টেশন থেকে টিকিট বাতিল করার সুযোগ পাবেন যাত্রীরা।

google button