ISL চলাকালীন মাথা ফাটল মোহনবাগান সমর্থকের, নেপথ্যে সেই জামশেদপুর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের 4 এপ্রিল প্রিয় দল মোহনবাগানের (Mohun Bagan Fan Attacked) ম্যাচ দেখতে গিয়ে জামশেদপুরের হাতে আক্রান্ত হতে হয়েছিল এক সমর্থককে। কাকতালীয়ভাবে ঠিক এক বছর পর সেই 4 এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচের দিন মাথা ফাটল এক বাগান সমর্থকের। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নেমেছিল সবুজ মেরুন। আর সেই ম্যাচ দেখতে গিয়েই হাতাহাতিতে জড়ান দুই দলের সমর্থকরা। যা পরবর্তীতে পরিণত হয় রক্তারক্তি কান্ডে। যে ঘটনায় ফের প্রশ্নের সামনে দাঁড়িয়ে জামশেদপুর।

কীভাবে বাঁধল ঝামেলা?

মোহনবাগান সমর্থকদের অভিযোগ, গতকাল জামশেদপুরের স্টেডিয়ামের গ্যালারিতে আলাদাভাবে তাঁদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছিলেন তাঁরা। তবে খেলা শেষ হলেই আচমকা জামশেদপুর এফসির সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়। যেই ঘটনায় মাথা ফেটেছে রাজীব রায় নামক এক বাগান সমর্থকের।

যদিও প্রতিপক্ষ দলের সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে পালিয়ে আসেনি বাগানিরা। বরং পাল্টা হাত চালিয়েছেন তাঁরাও। আর তাতেই পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। আর এই ঘটনার পরই উসকে গিয়েছে গত বছরের স্মৃতি। গত বছর অর্থাৎ 2025 সালের 4 এপ্রিল ঠিক একইভাবে জামশেদপুরে খেলা দেখতে গিয়ে জামশেদপুর পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটেছিল রিপন মন্ডল নামক বাগান সমর্থকের। এবার পুলিশের হাতে না হলেও সমর্থকদের হাতে মার খেতে হল মোহনবাগান পাগল রাজীবকে। যেই ঘটনায় জামশেদপুরকে নিয়ে কার্যত ছি ছি পড়ে গিয়েছে নানা মহলে।

অবশ্যই পড়ুন: রামপুরহাট থেকে অত্যাধুনিক AC বাসে দিঘা, শুরু হল পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

উল্লেখ্য, গতকাল জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নেমে ঝকঝকে ফুটবল দেখিয়েছিল মোহনবাগান। ম্যাচের একেবারে প্রথম 15 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। এরপর সারা মাঠ ঘুরেও গোলের দেখা পায়নি মোহনবাগান। এদিকে বাগানের গোল শোধ নিতে আপ্রাণ চেষ্টা করছিল জামশেদপুরের ছেলেরা। শেষ মুহূর্তে হলেও সেই চেষ্টায় মেলে সাফল্য। একেবারে অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে হেড মেপে গোল করেন জামশেদপুরের ঋত্বিক দাস। আর তাতেই ড্র নিয়ে শেষ হয় ম্যাচ।

google button