বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারবার মাঠে নিজেকে প্রমাণ করা সত্ত্বেও মহম্মদ শামির (Mohammed Shami) দিকে মুখ তুলেও চাইছে না ভারতীয় নির্বাচন কমিটি। বিগত দিনগুলিতে এমন বহু পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অভিজ্ঞ পেসার শামিকে দলে নেওয়া যেতে পারত, কিন্তু তাও এই ভারতীয় তারকার জায়গা হয়নি টিম ইন্ডিয়ায়। তবে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য আজও লড়ে চলেছেন এই খেলোয়াড়। IPL এ নিজেকে প্রমাণ করছেন তিনি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে LSG র হয়ে নামবেন তিনি। সেই ম্যাচের আগে অকপট ভারতীয় ক্রিকেটার।
জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন শামি
গত ম্যাচে মাত্র 9 রান দিয়ে SRH এর দুটি উইকেট তুলেছিলেন শামি। করেছিলেন 18টি ডট বল। এহেন খেলোয়াড়কে ভারতীয় দলে ফিরিয়ে নিচ্ছে না ম্যানেজমেন্ট। এসব নিয়েই ভারতীয় ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হলে এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমরা মজদুর মানুষ। আমাদের শুধু বল করে যেতে হবে।” কথাটা খানিকটা রসিকতা করে বললেও এই বক্তব্যের মধ্যে অনেকটা না পাওয়া এবং কষ্ট লুকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটারের। সেটা ভাল মতোই বুঝতে পারছেন সকলে।
এদিন নিজের জীবন সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে অতীতে ফিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। শামি বলেছিলেন, “জীবনে উত্থান পতন থাকবেই। আঘাত, প্রতিঘাত সবকিছুই থাকবে। কিন্তু একেবারে তৃণমূল স্তরের পরিশ্রম কখনই ভুলে যাওয়া উচিত নয়। আপনাকে চেষ্টা করে যেতে হবে।” এদিন ভারতীয় তারকা আরও জানান, “আপনি যদি বেশি জমকালো জিনিসের পেছনে ছোটেন, তবে সেটাই হবে আপনার দুর্বলতা। আজকের দিনে সবাই সোশ্যাল মিডিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছে।”
অবশ্যই পড়ুন: বুমরাহদের পিটিয়ে বিরাট রেকর্ড গড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী
ভারতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজাড় করে দিতে চান শামি। আসলে টিম ইন্ডিয়ায় বারবার উপেক্ষা সহ্য করা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে একটুও কমতি রাখেননি এই প্লেয়ার। আগামীতেও সংশ্লিষ্ট দলের জন্য নিজের সর্বস্ব ঢেলে দিতে চান। জাতীয় দলে জায়গা পান কিংবা না পান খেলা চালিয়ে যেতে চান শামি। কিছুদিন আগেই ইউটিউবে একটি সাক্ষাৎকারে শামি জানিয়েছিলেন, যেদিন তিনি ক্লান্ত হয়ে আসবেন। কিছু ভালো লাগবে না, সেদিনই ক্রিকেট থেকে সরে যাবেন তিনি।।












