সহেলি মিত্র, কলকাতাঃ শহরের কোলাহল এবং তীব্র গরম থেকে বাঁচতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আজ আপনাদের উত্তরবঙ্গের সেরা ৩ অফবিট (North Bengal Offbeat) ঠিকানার সন্ধান দেব যেখানে গেলে আর আপনি ফিরে আসতে চাইবেন না। এমনিতে গরম পড়লেই পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকতে শুরু করে। এই ডাক উপেক্ষা করা খুবই কঠিন পাহাড় প্রেমীদের কাছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই ডেস্টিনেশনগুলি সম্পর্কে।
তিনচুলে
আপনিও কি উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে একটু অফবিট জায়গার খোঁজ করেন? তাহলে তিনচুলে আপনার জন্য আদর্শ জায়গা হতে পারে। পাহাড়ের রানী হিসেবে খ্যাত দার্জিলিং থেকে ৩২ কিলোমিটার দূরে, ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত তিনচুলে একটি মনোরম পাহাড়ি গ্রাম। এই মনোরম ছোট্ট গ্রাম তিনচুলে দার্জিলিং অঞ্চলের একটি লুকানো রত্ন। একসময়কার এক প্রত্যন্ত নির্জন গ্রাম এখন একটি স্বনির্ভর পরিবেশ-বান্ধব শহুরে গ্রামে পরিণত হয়েছে। এখানে আপনি অনেক রকমের ফুল দেখতে পাবেন। সেইসঙ্গে কাঞ্চনজঙ্ঘার সুদৃশ্য দেখতে পাবেন। আর গ্রামটিকে এই নামটি দেওয়া হয়েছে কারণ এর চারপাশে তিনটি উঁচু পাহাড়ের চূড়া রয়েছে, যেগুলোকে দূর থেকে চুলা বা চুল্লির মতো দেখায়। এখানে এলে আপনার মনে হবে প্রকৃতি উজাড় করে দিয়েছে। তিনচুলে এলে মনেস্ট্রি, তিনচুলে ভিউপয়েন্ট, তিস্তা নদী, কালিম্পং-এর মতো কিছু জায়গার ঝলক দেখতে পাবেন।
সিটং
আপনিও কি তীব্র গরম থেকে বাঁচতে এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান তাহলে সিটং আপনার জন্য একদম আদর্শ জায়গা। ঘন কমলালেবুর বাগানে ঘেরা উত্তরবঙ্গের হিডেন জেম হলো সিটং। ‘কমলালেবুর গ্রাম’ নামেও পরিচিত সিটং-এ মূলত লেপচারা বাস করেন। আলপাইন পাইন বনের মাঝে অবস্থিত সিটং দার্জিলিংয়ের কাছে একটি অফবিট গন্তব্য। ৪০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিটং তার নির্মল পরিবেশ এবং শান্ত আবহাওয়ার কারণে একটি আদর্শ গন্তব্য হয়ে উঠেছে। এই সিটং তার জিভে জল আনা কমলালেবু এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের কিছু সুন্দর দৃশ্যের জন্য বহু ভ্রমণকারীর মন জয় করেছে। সিটং-এ থাকাকালীন পর্যটকরা দিলারাম, কার্শিয়াং, লাটপাঞ্চার, মুংপু এবং মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো জায়গাগুলি একদিনের জন্য ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন। পর্যটকরা গ্রামের চারপাশে ঘুরে বেড়াতে পারেন এবং গির্জার কাছে অবস্থিত সিটং ভিউ পয়েন্ট থেকে সবুজ কমলা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। এখানকার আবহাওয়া মনোরম হওয়ায় আপনি সারা বছরই এখানে ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুনঃ ফুঁসছে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি, আজকের আবহাওয়া
বিজনবাড়ি
বিজনবাড়ি, উত্তরবঙ্গের অন্যতম সুন্দর এবং রহস্যে ঘেরা উপত্যকা। বিজনবাড়ি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি নির্জন গ্রাম। গ্রামটি দার্জিলিং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাইন ও কনিফার গাছের ঘন জঙ্গলের মাঝে অবস্থিত বিজনবাড়ি তার পাহাড়ের মনোরম দৃশ্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য জীবনযাত্রার জন্য ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণ করছে বছরের পর বছর ধরে। এই বিজনবাড়িতে আপনি পাহাড়-নদীর এক আলাদাই মেলবন্ধন দেখতে পাবেন। এখানেই রয়েছে রঙ্গীত নদী, যেখানে আপনি জলে পা ডুবিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি না করে এই গরমে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের এই ৩ সুন্দর জায়গা থেকে।












