প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়েই জনগণের দরজায় দরজায় যাচ্ছেন প্রার্থীরা। জনসংযোগ বৃদ্ধিতে কোনোভত্রুতি রাখতে চাইছে না কেউই। ওদিকে উত্তর থেকে দক্ষিণ সকল জায়গায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা অভিষেক। এমতাবস্থায় নয়টি বিধানসভা কেন্দ্রে ৫ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল (Nomination Cancelled) করা হল। তালিকায় রয়েছে রাজন্যা হালদার (Rajanya Haldar)।
৫ মনোনয়ন বাতিল
রিপোর্ট মোতাবেক, পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্র মিলিয়ে মোট ৯৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ২৯ জন হলেন নির্দল প্রার্থী। তার মধ্যে চারটি মনোনয়ন বাতিল হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভায়। সেই তালিকায় রয়েছেন নির্দল প্রার্থী রাজন্যা হালদার, আম জনতা উন্নয়ন পার্টির ইমরান খান এবং দুই নির্দল প্রার্থী সুনীলচন্দ্র চৌরাসিয়া ও দীপিকা বাউড়ির মনোনয়নও বাতিল করা হয়েছে। পাশাপাশি কুলটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী আস্তিক দাসের মনোনয়নও বাতিল হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনৈতিক শিবিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন রাজন্যাও।
রাজন্যার নথিপত্রে অসঙ্গতি
গত শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে রাজন্যা হালদার একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাঁর নথিতে একাধিক গোলযোগ দেখা গিয়েছিল। আসলে নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়ন পত্রের সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র জমা দিতে হয়। কিন্তু রাজন্যার নথিপত্র যাচাইয়ের সময় তাঁর অ্যাকাউন্টে কিছু অসংগতি ধরা পড়েছিল। তখনই আশঙ্কা করা হচ্ছিল যে আদেও রাজন্যা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন কিনা, এবার সেটাই সত্যি হল, বাতিল হল তাঁর মনোনয়ন পত্র। এদিকে গোটা ঘটনায় বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করলেন রাজন্যা।
আরও পড়ুন: আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে পণ্ড হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট
বিজেপির চক্রান্তের অভিযোগ রাজন্যার
রাজন্যা হালদারের দাবি, গত ৬ এপ্রিল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে তাঁর ১০ জন প্রস্তাবকের মধ্যে ছ’জন পথে আটকে পড়েন। পরে নতুন করে অন্য ছ’জন প্রস্তাবক মহকুমাশাসকের দপ্তরে পৌঁছলেও, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে তাঁদের মনোনয়ন কক্ষের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে। ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশন ও পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন। হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন রাজন্যা। এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজন্যা আদেও ভোটের ময়দানে নামতে পারবেন কিনা।












