সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। দুপুরবেলা যেন বাড়ির ভেতরটা একেবারে আগুনের চুল্লিতে পরিণত হচ্ছে! মাথার উপরে সিলিং থেকে অনবরত তাপ বিকিরিত হতে থাকছে, যার কারণে ফ্যান চালালে অস্বস্তি আরও বাড়ছে। আর এই অসহ্য গরম থেকে বাঁচার জন্য আমরা এসির (Air Conditioner) উপর নির্ভরশীল হয়ে পড়ছি, যা একদিকে পকেটের উপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে আবার পরিবেশকে ক্ষতি করছে। তবে আপনি কি জানেন, মাটির সাধারণ কিছু কলসি ব্যবহার করেই আপনার বাড়িকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে পারবেন (Room Cooling Tips)? হ্যাঁ, এমনই উপায় জানাবো আজ।
আধুনিক সমস্যার প্রাচীন সমাধান
আসলে নির্মাণ শিল্পের অত্যন্ত কার্যকর কিন্তু সাধারণ কৌশল হল ফিলার স্ল্যাব। এই পদ্ধতিতে ছাদ ঢালাই করার সময় কংক্রিটের ভেতরে নির্দিষ্ট দূরত্বে উল্টো উল্টো করে মাটির কলসি বসিয়ে দিতে হয়। সেক্ষেত্রে ঢালাই শুকিয়ে যাওয়ার পর এই কলসিগুলোই ছাদের ভেতরে ছোট ছোট এয়ার প্যাকেট বা বায়ুস্তর হিসেবে কাজ করে, আর ঘরের ভিতরে একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
আসলে এই মাটির কলসিগুলো তিনটি উপায় আপনার ঘরকে ঠান্ডা রাখবে। প্রথমত, কলসির ভেতরের বায়ুস্তর প্রাকৃতিক ইনসুলেশন বা তাপ নিরোধক হিসেবে কাজ করে। যার ফলে বাইরের প্রখর তাপ ছাদ ভেদ করে আর সহজে ভেতরে আসতে পারে না। দ্বিতীয়ত, কলসি ব্যবহারের ফলে ছাদে কংক্রিটের পরিমাণ অনেকটাই কম লাগে। আর কংক্রিট তাপ শুষে নিয়ে দীর্ঘক্ষণ ধরে রাখে। যার কারণে কংক্রিট যত কম হয়, ছাদ তত গরম কম হবে। তৃতীয়ত, মাটি নিজে থেকেই তাপের প্রতিরোধক। আর মাটির কলসি বাইরের তাপ শুষে নিয়ে ঘরের ভেতরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল হবে শূন্য, বাড়ির ছাদে লাগান সোলার প্যানেল, টাকা দেবে সরকার
বলার বিষয়, এই প্রযুক্তির বিভিন্ন সুবিধা রয়েছে। প্রথমত, এই প্রযুক্তি ব্যবহার করলে কোনও এসি বা মেকানিক্যাল যন্ত্র ছাড়াই ঘর বাইরের তুলনায় অন্তত ৫০% ঠান্ডা থাকবে। দ্বিতীয়ত, মাটির কলসি খুবই সস্তা আর পরিবেশের কোনও ক্ষতি করে না। আর এটি বাড়ির নির্মাণ খরচ কিছুটা কমিয়ে দেয়। তৃতীয়ত, ঘর স্বাভাবিকভাবে শীতল থাকার কারণে এসি বা কুলারের প্রয়োজন পড়ে না। ফলে বিদ্যুতের বিলও কম আসে। আর সবথেকে বড় ব্যাপার, এই বায়ুস্তরগুলি যেমন গরমের সময় ঘর ঠান্ডা রাখে, তেমনই আবার শীতকালে ঘরের উষ্ণতা বাইরে যেতে দেয় না। যার ফলে সারা বছরই আরামদায়ক তাপমাত্রা বজায় থাকবে ঘরের ভিতরে।












