সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের ব্যাটারি (Smartphone Battery) যত পুরোনো হয়, তত দ্রুত চার্জ শেষ হতে থাকে। ফলে বাধ্য হয়ে অনেক সময় দামি ফোন বদল করতে হয়। তবে গ্রাহকদের এই ভোগান্তি কমানোর জন্য ও পরিবেশ দূষণ রোধ করার জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২৭ সাল থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম, যেখানে অ্যাপেল থেকে শুরু করে গুগল, স্যামসাংয়ের (Samsung) মতো কোম্পানিগুলিকে এবার এমন ফোন তৈরি করতে হবে, যার ব্যাটারি ব্যবহারকারীরা নিজেই বাড়িতে বসে সহজে খুলে পরিবর্তন করতে পারবে।
কেন আনা হচ্ছে নতুন নিয়ম?
আসলে বর্তমান সময়ে বেশিরভাগ স্মার্টফোনে নন রিমুভেবল ব্যাটারি থাকে, যা খোলার জন্য সার্ভিস সেন্টারে যেতে হয়। তবে ইউরোপীয় ইউনিয়নের মতে, ব্যাটারির মতো একটি ছোট্ট সমস্যার জন্য স্মার্টফোনগুলি অকেজো হয়ে যায়। যার ফলে ই-বর্জ্য তৈরি হচ্ছে। আর এই নতুন নিয়মের মূল উদ্দেশ্যগুলি হল ব্যাটারি বদলে গ্রাহকদের দীর্ঘ সময় ধরেই একই ফোন ব্যবহার করতে দেওয়া, অকারণে ফোন ফেলে দেওয়ার প্রবণতা কমানো এবং সার্ভিস সেন্টারের খরচ ছাড়াই ব্যাটারি পাল্টানোর সুযোগ করে দেওয়া। ম্যানুফ্যাকচারদের ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই নিয়ম কার্যকর করার সময়সীমা দেওয়া হয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ পাওয়ার পরেই ইতিমধ্যে নড়েচড়ে বসেছে টেক কোম্পানিগুলি। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গুগল সম্প্রতি একটি নতুন পেটেন্ট ফাইল তৈরি করছে। আর এতে এমন এক মেকানিক্যাল ইন্টারলক ব্যাটারি সিস্টেমের কথা বলা হচ্ছে, যা খুব সহজেই স্লাইড করে ফোনের ভেতরে লাগানো এবং খোলা যাবে। যার ফলে ফোন হাত থেকে পড়ে গেলেও ব্যাটারি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত এবং ব্যবহারকারীরা অনায়াসেই তা পরিবর্তন করতে পারবে।
আরও পড়ুন: অ্যান্টিলিয়াতে প্রতিদিন বানানো হয় ৪০০০ রুটি, আম্বানি পরিবারের খাবারের মেনু জানেন?
ল্যাপটপের জন্য আসছে নতুন চার্জিং নিয়ম
তবে শুধুমাত্র স্মার্টফোন নয়, বরং ল্যাপটপের ক্ষেত্রেও বড়সড় রদবদল হতে চলেছে। আগামী ২৮ এপ্রিল ২০২৬ থেকে ইউরোপীয় ইউনিয়নে লঞ্চ হওয়া প্রতিটি নতুন ল্যাপটপে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোম্পানিগুলি তাদের নিজস্ব চার্জার দিতে পারলেও টাইপ সি পোর্ট রাখা আবশ্যক বলেই জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয়েছে।










