সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে (Indian Railways) ফের এক কলঙ্কিত অধ্যায়। ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে মার খেতে হল এক ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে। ভুল করে এসি কোচে উঠে পড়ার কারণে ওই বৃদ্ধার মুখে সজোরে ঘুষি মেরেছেন এক টিটিই। আর এই হামলার অভিঘাতে বৃদ্ধার দাঁত ভেঙে যাওয়ার পাশাপাশি মুখ থেকে রক্তক্ষরণও হয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে (Bhopal) ঘটা এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার শিরোনাম।
টিটিই-র কাছে মার খেলেন বৃদ্ধা
আজতকের রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত বৃদ্ধার নাম সুশীলা দেবী। তিনি ভোপালের পূর্ব রেলওয়ে কলোনির বাসিন্দা। গত ৬ মে তিনি নর্মদাপুরম থেকে ভোপালে ফিরছিলেন। সুশীলা দেবীর ২৫৫৩৮ কুশিনগর এক্সপ্রেসে ওঠার দরকার ছিল। তবে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার ঠিক আগে মুহূর্তে তিনি প্ল্যাটফর্মে পৌঁছন। ট্রেনটি হাতছাড়া হওয়ার ভয়তে তড়িঘড়ি হাতের কাছে পাওয়া একটি এসি কোচে তিনি উঠে পড়েন।
অভিযোগ, বৃদ্ধাকে ওই কোচে দেখামাত্রই একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন কর্মরত টিটিই। বৃদ্ধার বয়স বা পরিস্থিতির কথা বিবেচনা না করেই তাঁর উপর চড়াও হয়ে পড়েন ওই রেলকর্মী। এমনকি কোনও কথা বলার সুযোগ না দিয়েই ওই বৃদ্ধার মুখে সজোরে ঘুষি বসিয়ে দেন তিনি, এবং বৃদ্ধার দাঁত ভেঙে যায়। বয়সটা ৭৫। এরকম পাশবিক হামলার শিকার হয়ে আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধা।
আরও পড়ুন: ঈশ্বরকে সাক্ষী রেখে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর
ঘটনার পর সুশীলা দেবী রানী কমলাবতী রেলওয়ে স্টেশনের জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর এবং তাঁর পরিবারের দাবি, অবিলম্বে ওই অভিযুক্ত টিটিই-কে চিহ্নিত করে তাঁকে বরখাস্ত করা হোক। এমনকি তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে। জিআরপি থানায় ভারপ্রাপ্ত অধিকারী এমএস সোমবংশী জানাচ্ছেন, অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানান, রেলের নিয়ম ভঙ্গ করলে জরিমানার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোনও যাত্রীর গায়ে হাত তোলা বা মারধর করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।










