সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই তালিকাতে প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত বহু ভোটারের নাম ডিলিটেড তালিকায় রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি তারা নির্বাচনে (West Bengal Election 2026) অংশগ্রহণ করতে পারবেন না? আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না? জেনে নিন আসল তথ্য।
নাম ডিলিট হলে কী করবেন?
নির্বাচন কমিশন স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, যদি সংশ্লিষ্ট ব্যক্তির নাম ডিলিটেড তালিকায় থাকে, সেখান থেকে তিনি আবারো আবেদন করার সুযোগ পাবেন এবং আবেদন করে পুনরায় ভোটার লিস্টে নাম তুলে ভোট দিতে পারবেন। তবে জীবিত ব্যক্তিদের এসআইআর চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলও-র কাছে আবেদন করতে হবে। আর তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই জেলাশাসক কিংবা ডিইও-র কাছে আবেদন জানাতে হবে বলে জানানো হয়েছে। এমনকি ডিইও যদি তালিকায় নাম তুলতে চান, তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করা যাবে। তার ১৫ দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবারো আবেদন করা যাবে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, voters.eci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বা ই-সাইনেট অ্যাপ ডাউনলোড করে অথবা বিএলও-দের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ডিইও-র মাধ্যমে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে লিখিতভাবে আবেদন করতে হবে। তবে আবেদনপত্রের বিষয়ের জায়গায় লিখে দিতে হবে ‘Application For Reconsideration Of Deletion Of Name From Electoral Roll’। এছাড়া আবেদনপত্র ফিলাপ করার সময় অবশ্যই নিজের ব্যক্তিগত তথ্য, বাবার নাম, ঠিকানা, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং এপিক নম্বর দিতে হবে। আর কোন বিধানসভা কেন্দ্রের স্থায়ী বাসিন্দা সেই তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি এনুমারেশন ফর্মের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর নিজের ফোন নম্বর এবং স্বাক্ষর করতে হবে।
আরও পড়ুন: ভোটের আগে বড় সার্জারি কমিশনের! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদল, তালিকায় ভবানীপুর
অনলাইনেও করা যাবে আবেদন
যারা অফলাইনে আবেদন করতে চাইছেন না, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ecinet.eci.gov.in বা ই-সাইনেট অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি ট্রাইবুনালে আবেদন করা যাবে। তবে যদি ডিইও আপনার আবেদন খারিজ করে দেয়, সেক্ষেত্রে ফর্ম ৬ এর মাধ্যমে আবার নতুন করে আবেদন করা যাবে। তারপর ভোটার তালিকায় নিজের নাম তুলে নেওয়া যাবে এবং ভোট দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে।












