প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে রীতিমত বিশ্বজুড়ে এনার্জি লকডাউন (Energy Lockdown) আতঙ্ক তৈরি হয়েছে। জ্বালানি সংকটের আশঙ্কায় চিন্তিত সকলে। ইতিমধ্যেই অনেক দেশ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিধিনিষেধ আরোপ করেছে। আর এই অবস্থায় গ্যাস পেট্রোল-ডিজেল ইস্যুতে ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনকে (Election Commission Of India) আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষের যাতে কোনো ক্ষতি না হয় তা স্পষ্ট হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন তিনি।
বিমানেই অন্ডাল সফরে যাচ্ছেন মমতা
উল্লেখ্য, আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সেই কারণেই আকাশপথের পরিবর্তে সড়কপথে অন্ডাল যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে আবহাওয়ার উন্নতি হতেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। জানা যাচ্ছে, বিমানেই অন্ডাল যাবেন তিনি। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। আগামীকাল অর্থাৎ শনিবার রানিগঞ্জে জনসভা করবেন মমতা। কিন্তু যাওয়ার আগেই বিমানবন্দর থেকে কেন্দ্রীয় সরকার সহ নির্বাচন কমিশনারকে একহাতে নিলেন মমতা।
রান্নার গ্যাস নিয়ে ক্ষোভ মমতার
রিপোর্ট মোতাবেক, আজ শুক্রবার অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পেট্রোল ও ডিজেলের অভাব নেই। তবে সাধারণ মানুষের আগে প্রয়োজন রান্নার গ্যাস। তার যদি সঙ্কট হয় তাহলে বিপদে পড়তে হবে আম আদমিকে। এরপরেই কেন্দ্রীয় সরকারকে বার্তা দেন যে, “রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা বাইরে পাঠানো চলবে না।” শুধু কেন্দ্রীয় সরকার নয়, উড়ানে চাপার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “পেট্রোল আছে, ডিজেল আছে। সব পুলিশ অফিসার, ডিএমদের বদলি করে দেওয়া হচ্ছে। ১০ লক্ষ লোক বাইরে থেকে নির্বাচনের সময়ে ডিউটি করতে আসবেন। তাঁদের গ্যাস দিতে গিয়ে বাংলা লোকের যাতে সমস্যা না হয়।”
LPG মজুত নিয়ে বার্তা কেন্দ্রের
তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রেশন প্রসঙ্গে জানিয়েছেন যে, “কেরোসিন আমরা বাড়িয়েছি কিছুটা। লোকজন কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন। কিন্তু বেশির ভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। সেটাই সমস্যা।” আসলে পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে এলপিজি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। তাই কিছুদিন আগেই দেশের মানুষের উদ্বেগ কমাতে কত তেল এবং এলপিজি মজুত রয়েছে, তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানানো হয়েছে, দেশে রান্নার গ্যাসের জোগান অব্যাহত রাখতে ঘরোয়া উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আমদানির পরিমাণ কমলেও কোনও সঙ্কট তৈরি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।
আরও পড়ুন: জার্সির রঙ লেগে সাদা বল হল গোলাপি, PSL শুরু হতে না হতেই বিতর্কে পাকিস্তান!
বিমানবন্দরে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলেও সবটা নিয়েই ধোঁয়াশা। এখনও পাবলিক ডোমেনে নাম আসেনি। কাদের নাম আছে, কাদের বাদ দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা হচ্ছে না। কেন এমন করা হচ্ছে? সবার জানার অধিকার আছে। এভাবে তো চলতে পারে না। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, দুর্ভাগ্যজনক কিছু হতেই পারে না। হিটলারের জমানাকেও ছাড়িয়ে গিয়েছে এরা। যা ইচ্ছে তাই করছে। এদের নিয়ে বলতেও আমার লজ্জা লাগে।”












