কলকাতা-ঋষিকেশ ট্রেন, কোচবিহারে মোদীর সভা…! আজকের সেরা ১০ খবর (৫ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ এপ্রিল, রবিবার। কলকাতা-ঋষিকেশ ট্রেন, কোচবিহারে মোদীর সভা, রামপুরহাট-দিঘা বাস পরিষেবা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রামপুরহাট থেকে দিঘা অত্যাধুনিক AC বাস পরিষেবা

বীরভূম বাসিন্দাদের জন্য গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো ইউনিকর্ন এক্সপ্রেস। গত শনিবার থেকে রামপুরহাট ও দিঘার মধ্যে সরাসরি এসি বাস পরিষেবা চালু হয়েছে, যা কিনা তারাপীঠ, সিউড়ি ও দুর্গাপুরের যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রতি রাতে ৮:৪০ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে বাসটি বাঁকুড়া এবং মেদিনীপুর হয়ে পরদিন ভোর ৬:২৫ মিনিটে দিঘা পৌঁছাবে বলে জানানো হয়েছে। আর ফিরতি পথে দিঘা থেকে সকাল ১১ টায় ছাড়বে বাসটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুরুতর দুর্ঘটনার কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী

২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহারের শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছেন। শনিবার রাতে শিকারপুর এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় সাবিত্রী দেবী এবং তাঁর চালককে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। আজ রবিবার কোচবিহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ISL চলাকালীন মাথা ফাটল মোহনবাগান সমর্থকের

গত বছরের ৪ এপ্রিলের রক্তক্ষয়ী দিন ফিরে আসলো জামশেদপুরের গ্যালারিতে। আইএসএল-এ মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের সংঘর্ষে মাথা ফেটেছে সবুজ মেরুন অনুরাগী রাজীব রায়ের। গত বছর ঠিক একই দিনে পুলিশের হাতে লাঠিতে আহত হয়েছিলেন রিপন মন্ডল নামে এক মোহনবাগান সমর্থক। আর এবার প্রতিপক্ষ সমর্থকদের হামলায় আক্রান্ত হয়েছেন রাজিব। মাঠে লড়াই ১-১ গোলে ড্র হলেও গ্যালারির এই বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) কলকাতা থেকে ঋষিকেশ সরাসরি ট্রেন ঘোষণা

গরমের ছুটিতে উত্তরাখণ্ড ভ্রমণের পরিকল্পনা যারা করছেন, তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। কারণ, পূর্ব রেল কলকাতা ও ঋষিকেশের মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন ট্রেন চালানোর ঘোষণা করেছে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত প্রতি রবিবার দুপুর ১:৫৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে পরের দিন সোমবার রাত ১১:৩০ মিনিটে ঋষিকেশ পৌঁছাবে। আর ফিরতি পথে শুক্রবার রাত ১০:২০ মিনিটে ঋষিকেশ থেকে ছেড়ে রবিবার সকাল আটটায় কলকাতায় ফিরবে। ট্রেনটি আসানসোল, ধানবাদ, বারাণসী হরিদ্বারের মতো স্টেশনগুলোতে থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার পার্মানেন্ট ট্রেন চালু

গরমের মরসুমে পর্যটকদের জন্য বিরাট সুখবর দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দীর্ঘ প্রতীক্ষার পর সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেনটিকে ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নম্বর ৫৮০২৫ / ৫৮০২৬ অনুযায়ী ট্রেনটি প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দুপুর ১২:৪৫ মিনিটে দীঘা পৌঁছবে। আর ফিরতি পথে দুপুর ১:১০ মিনিটে দিঘা ছেড়ে বিকেল ৪:৫০ মিনিটে সাঁতরাগাছি ফিরবে। পাশাপাশি উলুবেরিয়া, বাগনান, মেচেদা, কাথির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনটি থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) রাহুলের রহস্যমৃত্যু নিয়ে তালসারি থানায় দ্বিতীয় FIR দায়ের প্রসেনজিৎদের

টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এর রহস্যজনক মৃত্যুর এক সপ্তাহ পূর্ণ হতো না হতে আইনি লড়াইয়ে নেমেছে শিল্পী মহল। শনিবার রাতে ওড়িশার তালসারী থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর দায়ের করেছেন অভিনেতার পরিবারের সদস্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ আর্টিস্ট ফোরামের শীর্ষ সদস্যরা। এর আগে কলকাতার রিজেন্ট পার্ক থানাতে প্রথম অভিযোগ জমা পড়েছিল। শুটিংয়ের সময় পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা এবং উত্তাল সমুদ্রে নামতে রাহুলকে আদৌ বাধ্য করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভোটার তালিকায় নাম উঠছে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাবের

২০২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েনের মাঝে এবার তাৎপর্যপূর্ণ মোড়। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব হোসেনের আবেদনের ভিত্তিতে এসআইআর ট্রাইবুনালে প্রথম নিষ্পত্তি ঘোষণা করেছে। আধার কার্ড এবং পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে যে আইনে লড়াই শুরু হয়েছিল, তার ইতি ঘটেছে রবিবার। নথিপত্র যাচাই করার পর ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে, মাহাতাবের তথ্যে কোনও রকম অসংগতি নেই এবং দ্রুত তাঁর নাম ভোটার তালিকায় তোলা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) উত্তর সিকিমে ভয়াবহ ধসে ভেঙে পড়ল নবনির্মিত সেতুর একাংশ,

নর্থ সিকিমের লাচেনের তাড়ামচুতে গত ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হওয়া নবনির্মিত সেতু ধ্বসে পড়ার কারণে পর্যটক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। প্রবল বৃষ্টি এবং ধ্বসের কারণে সেতুর একাংশ ভেঙে পড়ায় লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শতাধিক পর্যটক সেখানে আটকে পড়েছেন। ভারতীয় সেনা, আইটিবিপি এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে। আর আটকে পড়া পর্যটকদের গ্যাংটকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে খবর। উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই এই বিপর্যয় কেন ঘটল তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মালদার অশান্তি নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদীর

কোচবিহারে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহের কালিয়াচক কাণ্ড নিয়ে এবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলায় বিচারকরা সুরক্ষিত নন, যা রাজ্যের মহাজঙ্গলরাজের প্রতিফলন। প্রধানমন্ত্রীর মতে, যেখানে সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখা হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশাপাশি তিনি কোচবিহারের আলু চাষীদের দুরবস্থা এবং মেখলিগঞ্জে প্রতিশ্রুত শিল্প না হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মমতার কপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩

মালদায় হরিশ্চন্দ্রপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বিহারের বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করছে যে, তৃণমূল প্রার্থীর হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং ভালো ফুটেজ সংগ্রহের জন্য তাঁরা এই ড্রোন উরিয়েছিল। মুখ্যমন্ত্রী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তোলার পর পুলিশি তৎপরতায় অভিযুক্তদেরকে ধরা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে তাদের এই নামের প্রেক্ষিতে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button