বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আলোচনায় এসেছিলেন বিহারের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তখন অবশ্য এই খেলোয়াড়ের বয়স 14। তবে এ বছর IPL এ পা দেওয়ার আগে 15 বছরের সিঁড়িতে পা রেখেছেন তিনি। এদিকে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রদর্শন করছেন বৈভব। অনেকেই মনে করছেন, বয়স যেহেতু 15 হয়ে গিয়েছে ফলে খুব শীঘ্রই ভারতের সিনিয়র দলে জায়গা পেয়ে যাবেন তিনি। এরই মাঝে এক সাক্ষাৎকারে বৈভবের কোচ মণীশ ওঝাঁ জানিয়ে দিলেন অভিষেক শর্মার বদলি হিসেবে টিম ইন্ডিয়ায় খেলবেন বৈভব!
টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন অভিষেক শর্মা?
Tv9-কে দেওয়া এক সাক্ষাৎকারে, বৈভব সূর্যবংশীর কোচ মণীশ একেবারে খোলাখুলি জানিয়েছেন, বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় খেলার সময় এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আর অপেক্ষা করা উচিত হবে না। এদিন বৈভবের কোচ একেবারে স্পষ্ট জানিয়ে দেন, IPL শেষ হয়ে গেলেই টিম ইন্ডিয়ার পরের সিরিজে খেলতে পারেন বৈভব। তবে এই মুহূর্তে টি-টোয়েন্টি দল যোগ্য প্লেয়ারে পরিপূর্ণ। ফলে বড় বড় ক্রিকেটারদের মাঝে নিজের জায়গা করে নেওয়াটা বৈভবের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে।
বৈভব টিম ইন্ডিয়ায় কোন প্লেয়ারকে প্রতিস্থাপন করবেন? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেটারের কোচ জানিয়েছেন, “বড় মাপের ক্রিকেটাররা নিজেই নিজের জায়গা তৈরি করে নেন। বৈভব নিজের জায়গা নিজেই তৈরি করেছে। ও নিজের পারফরমেন্স দিয়েই সব দলে জায়গা ধরে রেখেছে।” তবে যদি সিনিয়র দলের কথা বলা হয় সেক্ষেত্রে বৈভবের কোচ মনে করেন অভিষেক শর্মার জায়গায় ওপেনিং করতে পারেন বৈভব। আসলে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না এই ভারতীয় ক্রিকেটার। আর সে কথা উল্লেখ করেই মনীশ বলে দিলেন, “ওর জায়গায় বৈভব সূর্যবংশীর সাথে সঞ্জু স্যামসন অথবা ইশান কিষাণকে ওপেনিং করানো উচিত।”
অবশ্যই পড়ুন: IPL এ আগে এমন দেখেনি কেউ! এক ম্যাচে দু’বার ব্যাট করলেন এই প্লেয়ার
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতীয় টি-টোয়েন্টি দলের। বৈভব সূর্যবংশীর কোচ মনে করছেন এই দুই সফরেই টিম ইন্ডিয়ায় থাকবেন বৈভব। এখন দেখার, ভারতীয় তারকার কোচের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়।












