১ লিটার ইথানল তৈরিতে লাগছে ১০,০০০ লিটার জল! দেশে হবে ব্যাপক জল সংকট?

Published:

Possible water crisis in India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থিরতা থেকে শিক্ষা নিয়েছে ভারত (India)। ইরান যুদ্ধের কারণে যেভাবে গোটা বিশ্বে জ্বালানি নিয়ে চিন্তা বেড়েছে, তাতে পেট্রোলের সাথে ইথানল (Ethanol) মিশিয়ে দেশের জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগের ফলে যেমন বিদেশী শক্তির উপর আমদানি নির্ভরতা কমবে, তেমনই দেশে তৈরি হতে পারে জল সংকট। এর সবচেয়ে বড় কারণ, ইথানল যা দিয়ে তৈরি হয় অর্থাৎ সেই মূল রসদ ধান, ভুট্টা, আখের মতো ফসলগুলি কিন্তু জলের উপরেই নির্ভরশীল। রিপোর্ট বলছে, 1 লিটার ইথানল তৈরি করতে লাগছে 10,000 লিটার জল! আর তাতেই তৈরি হয়েছে দেশে জল সংকটের আশঙ্কা!

দেশের জল সম্পদের উপর নেমে আসতে পারে অতিরিক্ত চাপ!

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, পেট্রলের সাথে উদ্ভিজ ভিত্তিক অ্যালকোহল বা ইথানল মিশিয়ে তৈরি হয় জ্বালানি। সেই জ্বালানিই ব্যবহৃত হয় টু হুইলার, ফোর হুইলার সহ অন্যান্য গাড়িতে। তবে এই ইথানল জ্বালানি তৈরি করতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ জল। প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, শুধুমাত্র 1 লিটার ইথানল তৈরি করতে প্রয়োজন হয় 10,000 লিটার জলের। আসলে, ইথানল এর মূল রসদ ধান চাষের সময় প্রয়োজন পড়ে প্রচুর জল। সেচের সময় প্রত্যেক কেজি ধান উৎপাদনের জন্য কম করে 3,000 থেকে 5,000 লিটার জল প্রয়োজন হয়। হিসেব বলে, প্রায় 3 কেজি ধান থেকে পাওয়া যায় 1 লিটার ইথানল। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে, ইথানল তৈরিতে জলের প্রয়োজন কতটা।

অন্যদিকে ভুট্টা কিংবা আখ উৎপাদনের ক্ষেত্রে 1 লিটার ইথানল উৎপাদনের জন্য প্রয়োজন হয় 3,600 থেকে 4,600 লিটার জলের। এমতবস্থায় আশঙ্কা বাড়ছে, ইথানল তৈরি করতে গিয়ে দেশের জলসম্পদের উপর ব্যাপক চাপ তৈরি হতে পারে। তাহলে কি দেশে তৈরি হবে জল সংকট? এ নিয়ে অবশ্য নীতি আয়োগ তাদের রিপোর্টে আগেই সতর্ক করেছিল। বলা হয়েছিল, 2030 সালের মধ্যে বেঙ্গালুরু, দিল্লি এবং চেন্নাইয়ের মতো বড় শহর গুলিতে ভূগর্ভস্থ জলস্তর নেমে যেতে পারে। তাতে তৈরি হতে পারে বড়সড় সংকট।

অবশ্যই পড়ুন: ভারতের নাগরিকত্ব নীতি ও পাসপোর্টের নিয়মে বড় বদল

বিশেষজ্ঞরা বলছেন, এক লিটার ইথানল তৈরিতে যেহেতু বিপুল পরিমাণ জল লাগছে তাই আগামী দিনে পেট্রোলের সাথে যত বেশি ইথানলের ব্যবহার বাড়বে ততই দেশের ভূগর্ভস্থ জলস্তরে টান পড়বে। তাছাড়াও কেন্দ্রীয় সরকার যে E85 পেট্রোলের পরিকল্পনা করছে তাতে অধিকাংশটাই ইথানল। সবমিলিয়ে, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে গিয়ে দেশে জল সংকট তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।