“প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা, ফের চুল গজাবে আমার মাথায়” বিস্ফোরক কৌস্তভ বাগচী

Published:

Koustav Bagchi

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) গণনাকে ঘিরে চূড়ান্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। তৃণমূল বিজেপির মধ্যে চলছে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে বিভিন্ন গণনা কেন্দ্রে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বিজেপি, তবে তৃণমূলও এখনও কিছু কিছু কেন্দ্রে দলের মর্যাদা বজায় রেখে এগিয়ে রয়েছে। দিনের শেষে কে গড়বে সরকার তাই নিয়ে চিন্তিত সকলে। এদিকে তার আগেই মমতাকে (Mamata Banerjee) প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

গোলযোগ ব্যারাকপুরে

রিপোর্ট মোতাবেক, আজ, সোমবার সকালে গণনা শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। পরস্পরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান তোলেন তাঁরা। বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। শেষে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে স্লোগানের জবাবে কৌস্তভ জানিয়েছেন, “আমাকে দেখে ওদের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়। সেটা নিয়ে আমি কিছু করতে পারব না। তবে এটুকু বলতে পারি কিছুক্ষণ পর ওদের গলা দিয়ে স্বর বেরোবে না।”

মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন কৌস্তভের

ভোটের গণনার সময় এদিন রাজ চক্রবর্তী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে বেলাইনে গণনাকেন্দ্রে ঢোকা নিয়ে অভিযোগ তোলেন। যা নিয়ে কৌস্তভ বলেন, “ আমরা পরিস্থিতি দেখতে গিয়েছিলাম সামনে কী আছে। আমরা আইন ভেঙে, লাইন ভেঙে কিছু করার পক্ষপাতী নই। বিজেপি অন্তত কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এটা শিক্ষা নয়।” এমনকি নিজের মাথার চুল গজানো নিয়ে বেশ আশাবাদী কৌস্তভ। তিনি বলেন, ” আমার মাথায় ফের চুল গজাবে এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন।”

কেন এই মন্তব্য?

আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। সেই জামিনে মুক্তি পেয়ে প্রতিবাদ স্বরূপ নিজের মাথা ন্যাড়া করেছিলেন কৌস্তুভ বাগচী। প্রতিজ্ঞা করেছিলেন যে, যতদিন না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা থেকে সরছে, ততদিন তিনি চুল বড় করবেন না। তাই এবার সরকার পরিবর্তনের সেই আশা দেখতে পাচ্ছেন তিনি, আর তাতেই এই মন্তব্য কৌস্তভের।

আরও পড়ুন: ২০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা! শহরে মোতায়েন ৩ হাজার পুলিশ, তৎপর কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, গতবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে ৯ হাজার ২২২ ভোটে হারিয়েছিলেন তিনি। তাই এবার সেই কথা মাথায় রেখে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করানো হল আইনজীবী কৌস্তভ বাগচীকে। আর সেই লড়াইয়ের ফলাফল নিয়ে বেশ আশাবাদী বিজেপি। কারণ শেষ আপডেট বলছে ব্যারাকপুরে রাজকে হারিয়ে এগিয়ে এসেছে কৌস্তভ বাগচী।