সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের রাখতে প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার, নির্দেশ নবান্নর

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: অনুপ্রবেশকারী রুখতে আরও বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Government of West Bengal)। বাংলাদেশী কিংবা রোহিঙ্গা সন্দেহে যারা এতদিন দেশে আটকা পড়েছিল, তাদেরকে রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দিল শুভেন্দু অধিকারীর দফতর। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই সমস্ত হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারীদের (Illegal Immigration) আটকে ৩০ দিন রাখা হবে এবং তারপর বিএসএফ-র হাতে হস্তান্তর করা হবে। এমনকি যারা এর আগে ধরা পড়েছিল এবং বন্দী ছিল, তাদেরকেও সেই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ

উল্লেখ্য, কেন্দ্র সরকার অনুপ্রবেশকারী রুখতে আগেই নির্দেশিকা জারি করেছিল। তবে তৃণমূল কংগ্রেসের সরকার সেই নির্দেশিকা পালন করেনি বলেই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট দাবি করেন যে, আগের সরকার কেন্দ্রের নির্দেশিকা মানেনি। তবে বিজেপি সরকার সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করবে। এমনকি সেই সংক্রান্ত আইন ইতিমধ্যে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যারা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন, তারা অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত হবে, এবং তাদেরকে সরাসরি সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-র হাতে তুলে দেওয়া হবে, এবং তারাই ওপার বাংলার বর্ডার গার্ড আধিকারিকদের দ্বারা ফেরত পাঠানোর কাজ করবে।

নবান্ন আজ যে নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যারা অবৈধভাবে বাংলাদেশী বা রোহিঙ্গা সন্দেহে এ রাজ্যে বেআইনিভাবে বসবাস করত, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রত্যেকটি জেলায় তাদের জন্য হোল্ডিং সেন্টার বানানো হবে। রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বন্দি বা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সেই হোল্ডিং সেন্টারগুলোতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রত্যেকটি জেলার ডিজি, জেলাশাসক, পুলিশ সুপারের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Image

আরও পড়ুন: বজ্রগর্ভ মেঘ, ঝড়! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, আবহাওয়ার খবর

না বললেই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি বেছে নিয়েছেন, এবং তা ইতিমধ্যে কার্যকর করেছেন। তবে এই গোটা প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে তা আজকের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে নিজের নিজের দেশে ফেরত পাঠানোর জন্য জেলাগুলিতে বিশেষ পুলিশ টাস্ক ফোর্স গঠন করতে বলেছে কেন্দ্র সরকার। আর সেখানেই হোল্ডিং সেন্টার গঠন করে অনুপ্রবেশকারীদেরকে রাখা হবে। তারপর তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করা হবে। তারপরেই তাদেরকে সীমান্ত রক্ষা বাহিনীর হাতে তুলে দেবে, এবং অনুপ্রবেশকারীরা নিজেদের দেশে ফিরে যেতে পারবে।