বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর খবর। উত্তর কাশ্মীরের গুলমার্গে গন্ডোলা (Gulmarg Gondola) পরিষেবায় বড়সড় যান্ত্রিক ত্রুটির কারণে কেবলে ঝুলতে থাকা বগিতেই আটকে পড়লেন 300 জন পর্যটক। বর্তমানে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের সেখান থেকে উদ্ধার করার কাজ চলছে। এদিকে, গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকদের একটা বড় অংশ। কেউ কেউ আবার ভয়ে বগির ভেতরেই ছটফট করতে থাকেন। যদিও সোমবারের এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
কেন হঠাৎ মাঝ আকাশে দাঁড়িয়ে গেল গন্ডোলা?
জম্মু ও কাশ্মীরের গুলমার্গের অত্যন্ত জনপ্রিয় এই গন্ডোলা রাইড। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেবল রাইড। সারা বছরই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক কাশ্মীর ঘুরতে গেলে গুলমার্গের গন্ডোলা রাইড চড়েন। তবে এবার সেই রাইড চড়তে গিয়েই একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পর্যটকরা। স্থানীয় সংবাদ মাধ্যম কাশ্মীর লাইফের রিপোর্ট অনুযায়ী, সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গিয়েছিল গন্ডোলা।
এ প্রসঙ্গে প্রশাসনের স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় গন্ডোলা। আর তারপরেই মাঝ আকাশে আটকে পড়েন 300 জন পর্যটক। আচমকা কেবল কার থমকে যাওয়ায় প্রথম দিকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। পরবর্তীতে সেনাবাহিনীর তৎপরতায় তাঁদের একে একে উদ্ধার করার কাজ শুরু হয়।
#WATCH | Jammu and Kashmir | Rescue Operations underway at Gulmarg Gondola after the cable car service got halted due to a technical fault.
(Source: Fire Service) https://t.co/dT1bZYseTi pic.twitter.com/u7RlHZb8Ev
— ANI (@ANI) May 25, 2026
অবশ্যই পড়ুন: ঝুলিয়ে রেখেছিল প্রাক্তন সরকার, দ্বিতীয় ধাপেও দ্রুত শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ
জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মীদের সঙ্গবদ্ধ চেষ্টায় তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। তাংমারগের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং তহশীলদার অপারেশন তদারকির জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁর দাবি, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। পর্যটকদের কেবল কার থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”










