ভুলের মাসুল দেবে পর্তুগাল! কলম্বিয়ার ম্যাচে ভক্তদের হতাশ করলেন রোনাল্ডো

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) নকআউট পর্বে জায়গা করে নিচ্ছে একের পর এক ছোট দল। সেই তালিকায় রয়েছে কেপ ভার্দের মতো 5 লক্ষ জনসংখ্যার দেশও। ঠিক সেই আবহে, বিশ্বকাপের নকআউটে পৌঁছেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে হিমশিম খেতে হল  বিশ্ব ফুটবলের অন্যতম রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগালকে (Portugal)। রবিবার সকাল সকাল কলম্বিয়ার কাছে গোলশূন্য ড্র নিয়ে নিজেদের লড়াই আরও কঠিন করে ফেলেছে এই দেশ।

গোলরক্ষকের দক্ষতায় এড়ানো গিয়েছে পরাজয়

রবিবার সকালে অনেক আশা নিয়ে পর্তুগালের ম্যাচ দেখতে বসেছিলেন রোনাল্ডো ভক্তরা। আশা ছিল, হয়তো গোলের পর গোল করে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াবেন তিনি। শেষ পর্যন্ত সেই স্বপ্নপূরণ হল না ভক্তদের। বরং গোটা ম্যাচে বারবার সমর্থকদের হতাশ করলেন ক্রিশ্চিয়ানো। সবচেয়ে বড় কথা, এ দিনের ম্যাচে পর্তুগালের উপর চাপ বাড়িয়ে রেখেছিল প্রতিপক্ষ কলম্বিয়া। গোলরক্ষক দিয়েগো কোস্তা আজ না থাকলে গোলশূন্য ড্র নিয়ে ম্যাচ শেষ করা হতো না পর্তুগালের। এদিন কলম্বিয়ার একের পর এক শট আটকে দিয়ে রোনাল্ডোদের মান রক্ষা করেছিলেন তিনি।

রাউন্ড অফ 32 তে কঠিন লড়াইয়ে পর্তুগাল

আজকের ম্যাচের আগে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছিল পর্তুগাল এবং কলম্বিয়া দুই দলই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 তে জায়গা করে সহজ প্রতিপক্ষ পেতে হলে আজকের ম্যাচটা জিততেই হত পর্তুগালকে। তবে সেটা না হওয়ায় এবার কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হবে রোনাল্ডোদের।

অবশ্যই পড়ুন: ‘পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে ভারত!’ বিস্ফোরক অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, রবিবারের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপ শীর্ষে জায়গা করে নকআউট এ চলে গেল কলম্বিয়া। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে থাকতে হল দ্বিতীয় স্থানে। শুধু তাই নয় তিন নম্বরে থাকা উজবেকিস্তানও ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এর ফলে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে লড়াই হওয়ার সম্ভাবনা ছিল সেটা আর হচ্ছে না।

google button