“যেখান থেকে সুবিধা হবে সেখান থেকেই তেল কিনব” অবস্থান স্পষ্ট করল ভারত!

Published:

India On Oil Import amid India US Trade Deal announcement
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে গলেছে ভারত-আমেরিকা সম্পর্কের বরফ। সোমবারই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষনা করে দিয়েছেন, ভারত এবং আমেরিকা দুই দেশই বহু অপেক্ষিত বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। একই সাথে, নয়া দিল্লি আর রাশিয়া থেকে তেল কিনবে না (India On Oil Import)। সে কারণেই, ভারতের উপর থেকে 50 শতাংশ শুল্ক কমিয়ে 18 শতাংশ করছে ওয়াশিংটন ডিসি। গতকাল, নিজের ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট এমন বক্তব্য রাখার পরই প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শোনা যাচ্ছে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির জন্য জাতীয় স্বার্থের সাথে আপোস করবে না ভারত।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না ভারত?

গতকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনালাপের পরই ট্রুথ সোশ্যালে ভারতের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট খুব পরিষ্কারভাবে জানান, ভারতের উপর থেকে 50 শতাংশ শুল্ক কমিয়ে 18 শতাংশে নামিয়ে আনছে আমেরিকা। এর বিনিময়ে ভারতও আমেরিকার পণ্যের উপর শুল্ক এবং শুল্ক বহির্ভূত বাধা শূন্যে নামিয়ে আনবে। এক কথায়, ভারত আমেরিকার পণ্য দেশে প্রবেশের পথে সমস্ত রকমের বাণিজ্য বাধা হ্রাস করবে বলেই মনে করছেন ট্রাম্প। মার্কিন শাসক এও দাবি করছেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হয়ে গেলে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে বেশ কয়েকটি সূত্র অন্য কথা বলছে।

কিছু সরকারি সূত্রের দাবি, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক স্বার্থের সাথে আপোস করবে না নয়া দিল্লি। শুধু তাই নয়, আসন্ন বাণিজ্য চুক্তির জন্য দেশের কৃষকদের স্বার্থের সাথে কোনও রকম আপোস করার কথা ভাবছেই না ভারত। ওই সূত্রগুলির দাবি, জাতীয় স্বার্থ সুরক্ষার্থে এবং অর্থনৈতিক স্বার্থ মাথায় রেখে যেখান থেকে সুবিধা হবে, সেখান থেকেই তেল কিনবে ভারত। অর্থাৎ যে দেশ ভারতকে কম দামে তেল দেবে আমজনতার স্বার্থের কথা মাথায় রেখে সেখান থেকেই তেল কেনা অব্যাহত রাখবে নয়া দিল্লি। তাছাড়াও বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি হলেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না ভারত। এর অন্যতম কারণ, গোটা বিশ্বে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারত এবং রাশিয়াই দীর্ঘকালীন বন্ধুত্বের নজির রেখেছে। তাই উপকারী বন্ধু মস্কোর হাত ছাড়বে না নয়া দিল্লি। ।

অবশ্যই পড়ুন: ভিন দেশের হয়ে T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলার স্বপ্ন দেখা ৪০ ক্রিকেটার

উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলা এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে দফায় দফায় ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুল্কাঘাত করলেও বারবার প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় সরব হয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত ভারতের উপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে তা 18 শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সোমবার এর পরিপ্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রী লিখেছিলেন, “আমি অত্যন্ত খুশি..।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now