সহেলি মিত্র, কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। মূলত রেল যাত্রীদের স্বস্তি দিতে স্টপেজ বাড়াল রেল। জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯ মে, ২০২৩ তারিখে এই সেমি-হাই-স্পিড ট্রেনটির যাত্রা শুরু করেন। ট্রেনটি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) জোন দ্বারা রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
উত্তর-পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত ট্রেনের রুট
উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আসামের গুয়াহাটিকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত করে। হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরে এটি পশ্চিমবঙ্গের জন্য তৃতীয় ট্রেন। গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস (Guwahati NJP Vande Bharat) ৪০৯ কিলোমিটার দূরত্ব ৫ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করে। এটি এই রুটের দ্রুততম ট্রেন।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের ১৭০০ অতীত, রাজ্য সরকারের এই প্রকল্পে মহিলারা পাবেন ৫০০০ টাকা
গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলমান এই ট্রেনটি এখন ছয়টির পরিবর্তে সাতটি রেলস্টেশনে থামবে। এই স্টেশনগুলি হল কামাখ্যা, রাঙ্গিয়া, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, গোসাইগাঁও হাট, নিউ আলিপুরদুয়ার এবং নিউ কোচবিহার। গোসাইগাঁও হাটে এখন ট্রেনটি স্টপেজ দেবে বলে খবর।
গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের সময়সূচী
গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নং ২২২২৮) গুয়াহাটি থেকে বিকেল ৪:৩০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়িতে রাত ৯:০০ মিনিটে পৌঁছাবে। ফিরে আসার সময়, ট্রেন নং ২২২২৭ নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬:১০ মিনিটে ছেড়ে গুয়াহাটিতে রাত ১১:৪০ মিনিটে পৌঁছাবে।ট্রেন নম্বর ২২২২৭/২২২২৮ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলাচল করে। ট্রেনটিতে আটটি কোচ রয়েছে (৭টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ এবং ১টি এক্সিকিউটিভ শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ)।












