রুজিরার বিরুদ্ধে করা যাবে না অবমাননাকর মন্তব্য! কড়া নির্দেশ হাইকোর্টের

Published:

Rujira Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, হাতে সময় খুব কম, তার উপর SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় রাজ্য রাজনীতিতে নির্বাচন নিয়ে জোর কদমে প্রচার করে চলেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। অন্যদিকে ফের খবরের শিরোনামে উঠে এল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) নাম। জানা গিয়েছে তাঁর দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা আরও বাড়ল।

অন্তর্বর্তীকালীন নির্দেশ হাইকোর্টের

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল। সেই অনুযায়ী তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েওছিলেন। তারপর থেকেই বিরোধীরা ক্রমাগত মন্তব্য শুরু করেছিল। শেষে রুজিরা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। অভিযোগ, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার জন্য তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যম ইচ্ছেমতো প্রচার চলছে, যা তাঁর ব্যক্তি স্বাধীনতায় আঘাত লাগছে। সেই সময় হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই বিষয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।

আরও পড়ুনঃ নির্মিত হবে বাইপাস লাইন, মসৃণ হবে ট্রেন যোগাযোগ, বাংলার জন্য মোটা বরাদ্দ রেলের

করা যাবে না অপ্রাসঙ্গিক প্রচার

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তাদের তদন্তের বিষয়ে আগে থেকে সংবাদমাধ্যমে প্রচার না-করা বা ইনফর্ম না-করার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও সমস্ত মিডিয়া হাউস ও সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছিল যে অভিষেক-ঘরণীর নাম ব্যবহার করে অকারণে প্রচার না করা হয়। সেই অন্তর্বর্তী নির্দেশশের মেয়াদ শেষ হয় ফেব্রুয়ারি মাসের শেষে। তাই গতকাল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: ক্যাটেগরি অনুযায়ী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কীভাবে খুঁজবেন নিজের নাম?

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের স্পষ্ট নির্দেশ, রুজিরার বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছে আদালত। ওই দিনই এই মামলার বিস্তারিত শুনানি হবে।