ভার্জিন হিল স্টেশন! গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের ৩ অফবিট জায়গা থেকে

Published:

North Bengal Offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ গরমকাল আসছে। আর তারই সঙ্গে ফিরে আসছে সেই চেনা ঘর্মাক্ত আবহাওয়া, ঘামাচি হওয়ার আবহাওয়া। তবে সেইসঙ্গে আসছে আরও একটি জিনিস যার জন্য মুখিয়ে থাকেন সকলে। সেটা হল গরমের ছুটি (Summer Vacation)। এই গরমের ছুটিতে আপনিও কি গরম থেকে বাঁচতে ভালো কোনও পাহাড়ি জায়গার খোঁজ করছেন? অথচ বাজেট কম? তাহলে আজকের এই পতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গরমের ছুটিতে ঘুরে আসতে পারেন এই ৩ জায়গা থেকে

মানুষ উত্তরবঙ্গ পাহাড় বলতেই মনে মনে ভেবে নেন দার্জিলিং, কালিম্পং নয়তো সিকিম। কিন্তু চেনাপরিচিত এই তিন জায়গা ছেড়েও এমন বহু অফবিট (North Bengal Offbeat) অথচ হিডেন জেম আছে যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। শহুরে কোলাহল ছেড়ে একটা সময়ে সকলেই চান কোলাহল ছেড়ে কয়েকটা দিন নিরিবিলিতে ঠান্ডার জায়গায় কাটিয়ে আসতে। পরিবারের সঙ্গে কিংবা একা ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাহলে চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের কিছু অফবিট জায়গা সম্পর্কে।

মিমবস্তি

প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের একদম ছবির মতো সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম মিমবস্তি নিয়ে। এই গ্রামটি সম্পর্কে অনেকেই কম জানেন। এক কথায় পর্যটনের ভাষায় ‘ভার্জিন।’ শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। সুখিয়াপোখরির কাছে অবস্থিত, ঘুম থেকে প্রায় ১৩.৫ কিমি এবং দার্জিলিং থেকে ২০ কিমি দূরে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে সুখিয়াপোখরি হয়ে সড়কপথে এখানে পৌঁছানো যায়। সবথেকে বড় কথা, এই মিমবস্তিতে রয়েছে গ্রামীণ ধাঁচের হোমস্টে এবং ১৯২০-এর দশকের একটি ঐতিহ্যবাহী বাংলো, যা প্রকৃতির সান্নিধ্যে থাকার এক আলাদাই অভিজ্ঞতা প্রদান করবে আপনাকে। চা বাগানে হাঁটা, কাঞ্চনজঙ্গা পর্বতমালার মনোরম দৃশ্য এবং দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে এক শান্ত পরিবেশে থাকার জন্য এই জায়গা আপনার জন্য আদর্শ হয়ে উঠতে পারে।

ফিকালেগাঁও

আপনিও যদি একদম হোটেল বা হোমস্টের রুমে বসে কাঞ্চনজঙ্ঘাকে একদম কাছ থেকে উপভোগ করতে চান তাহলে এই ফিকালেগাঁও একদম পারফেক্ট স্পট হবে আপনার জন্য। অনেকেই বলেন, এই ফিকালেগাঁও অফবিট কালিম্পং-এর অনাবিষ্কৃত সৌন্দর্য। শান্ত শৈলশহর কালিম্পং প্রায়শই তার অধিক জনপ্রিয় প্রতিবেশী দার্জিলিং ও গ্যাংটকের আড়ালে ঢাকা পড়ে যায়। তবে, কালিম্পং -এর সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অনাবিষ্কৃত স্বর্গ— আর সেটা হল এই ফিকালেগাঁও। প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চারপ্রিয় এবং শান্তিকামী মানুষদের জন্য এক আদর্শ গন্তব্য ফিকালেগাঁও। ফিক্কালয় গাঁও কালিম্পং শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট গ্রাম । এখানকার স্থানীয় জনজীবন, কিছু ল্যান্ডস্কেপ, পাহাড়ের কিছু সুদৃশ্য আপনার মনকে অভিভূত করে দেবে।

মিসনতার

এবার আসা যাক মিসনতার নিয়ে। এই গ্রামটি মেঘ ও পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম। হাতেগোনা কয়েকটি নেপালি পরিবারের বাস এই গ্রামটিতে। আবহাওয়া পরিষ্কার থাকলে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্যমান শৃঙ্গ, যেমন সিনিয়লচু পর্বত, পান্ডিম পর্বত এবং সিমভো পর্বতের দৃশ্য উপভোগ করতে পারেন। এছাড়াও নাথুলা পাস এবং জেলেপা পাসও দেখা যায়। এই জায়গা পাখি প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত করেছে। এছাড়া প্রকৃতিপ্রেমীরা অর্কিড, প্রিমুলা ও রোডোডেনড্রনের মতো ফুলগাছ উপভোগ করতে পারেন। এখানে রয়েছে একটি খরস্রোতা নদী, যেখানে বারো মাস জলে পরিপূর্ণ থাকে। পাশাপাশি এই নদীতে যেমন মাছ দেখতে পাবেন তেমনই ধরতেও পারবেন। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব ৮৫ কিলোমিটার।

google button