বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) কিছুতেই নিজের ব্যর্থতার জাল ছাড়িয়ে বেরোতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত বরুণ চক্রবর্তী। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। অনেকেই মনে করছেন, বরুণের বল করার ধরণ ধরে ফেলেছেন ব্যাটসম্যানরা। হয়তো সে কারণেই পরিশ্রম করেও ফল পাচ্ছেন না এই খেলোয়াড়। যে বোলারের উপর এক প্রকার চোখ বন্ধ করে ভরসা করত KKR, তাঁকেই গত পাঞ্জাব ম্যাচের একাদশে রাখেননি অজিঙ্কা রাহানেরা। অনেকেই মনে করছেন, IPL এ জাত চেনাতে না পারলে টিম ইন্ডিয়া থেকেও বাদ পড়বেন তিনি।
IPL শেষ হয়ে গেলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন বরুণ!
টেস্ট ক্রিকেট খেলেন না বরুণ চক্রবর্তী। আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দলের ভাবনাতেও নেই এই খেলোয়াড়। ফলে শুধুমাত্র টি-টোয়েন্টিতেই বর্তমান চক্রবর্তী। তবে সাম্প্রতিক সময়ে বল হাতে যেভাবে তিনি ব্যর্থ হচ্ছেন তাতে খুব বেশিদিন হয়তো টিম ইন্ডিয়ায় থাকা হবে না এই প্লেয়ারের, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
কেউ কেউ বলছেন, নিজের বোলিং করার ধরণ প্রত্যেক মুহূর্তে কিছুটা বদলে নেওয়ার চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু সেটা করেও ব্যাটারদের হাত থেকে রেহাই পাচ্ছেন না বরুণ। অনেকেই মনে করেছিলেন, আগামীকাল অর্থাৎ LSG র ম্যাচে হয়তো এই প্লেয়ারকে দলের একাদশে রাখতে পারে KKR। তবে এখনও পর্যন্ত যা খবর, বৃহস্পতিবারের ম্যাচে এই প্লেয়ারের খেলার সম্ভাবনা খুবই নগণ্য।
অবশ্যই পড়ুন: সস্তায় ঘুরুন সিকিম! বাসে করে মাত্র ২৪০ টাকায় গ্যাংটক, জানুন ভাড়া ও সময়সূচি
গত ম্যাচে ভারতীয় তারকার অনুপস্থিতি প্রসঙ্গে অবশ্য KKR এর তরফে জানানো হয়েছিল, অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন বরুণ। মূলত সে কারণেই তাঁকে পাঞ্জাব ম্যাচে রাখা হয়নি। এদিকে ম্যাচ শুরুর আগে কিন্তু ভারতীয় তারকাকে নেটে বোলিং করতে দেখা গিয়েছে। চোট থাকলে সেটা করতে পারতেন না তিনি। তাই নাইট ভক্তদের একটা বড় অংশের দাবি, আসলে ফর্মে না থাকার কারণে বরুণ চক্রবর্তীকে দূরে সরিয়ে রাখছে KKR। আর এমনটা হলে 2026 IPL এর পরই টিম ইন্ডিয়া থেকেও বাদ পড়তে পারেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একসময়ের এক নম্বর স্পিনার।












