বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতির পথে হাঁটলেও বিশ্ব বাজারের অস্থিরতা এখনও কমেনি। ঠিক সেই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল ভারত। বছর তিনেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2028 সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু বিষয়ক সম্মেলন ( 2028 COP33) আয়োজনের যে প্রস্তাব দিয়েছিলেন তা এবার প্রত্যাহার করে নেওয়া হল। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশেষ কিছু কারণে জাতিসংঘের এই বিশেষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নয়া দিল্লি।
কেন পুরনো সিদ্ধান্ত থেকে সরে এল ভারত?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতির পরেও ভারত কেন জাতিসংঘের বার্ষিক জলবায়ু বিষয়ক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তা নিয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি। এ সংক্রান্ত কোনও তথ্য দেয়নি পরিবেশ মন্ত্রণালয়ও। তবে ক্লাইমেট হোম নিউজ তাদের প্রতিবেদনে এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানকে লেখা এক ভারতীয় কর্মকর্তার চিঠি উদ্ধৃত করে জানিয়েছে, “নিজস্ব দায়বদ্ধতা পর্যালোচনা করার পর 2028 সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের বিশেষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত।”
এ প্রসঙ্গে UNFCCC এর সাথে সমন্বয়ের দায়িত্বে থাকা ভারতীয় পরিবেশ মন্ত্রণালয়ের পরিচিত কর্মকর্তা রজত আগরওয়াল এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতিকে জানিয়েছেন, ভারত তার পূর্বের প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত থেকে সরে আসছে। মূলত চার অনুচ্ছেদের একটি চিঠিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, “ভারত জলবায়ু কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবে। একই সাথে বিগত দিনে জলবায়ুর ক্ষেত্রে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির কার্যক্রমের প্রশংসা জানাই আমরা।”
অবশ্যই পড়ুন: আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে পণ্ড হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট
ভারত সরে যাওয়ায় এবার কে আয়োজন করবে COP33?
ভারত নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় এই মুহূর্তে জাতিসংঘের 2028 বার্ষিক জলবায়ু বিষয়ক সম্মেলনের আয়োজক কোন দেশ হবে তা জানা যাচ্ছে না। তবে ক্লাইমেট হোম নিউজ জানিয়েছে, এর আগে দক্ষিণ কোরিয়া জেওলামনাম-দো প্রদেশে নিজের ইচ্ছায় এই সম্মেলন আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে দক্ষিণ কোরিয়ার কয়েকজন কর্মকর্তা দাবি করছেন, 2028 সালে দক্ষিণ কোরিয়া G20 শীর্ষ সামিট আয়োজন করবে। সেক্ষেত্রে তাদের পক্ষে COP33 আয়োজন করা প্রায় অসম্ভব।












