সহেলি মিত্র, কলকাতাঃ অনেক তো হল উত্তরবঙ্গের পাহাড়। এবার ফেরা যাক দক্ষিণবঙ্গে (South Bengal)। পাহাড় বলতেই মানুষ জানেন সেই উত্তরবঙ্গের দার্জিলিং নয়তো পড়শি রাজ্য সিকিম। কিন্তু আপনি কি জানেন যে দক্ষিণবঙ্গেও বেশ কিছু পাহাড় রয়েছে যার মধ্যে একটি পাহাড় তো আবার রহস্যময়। বছরের পর বছর ধরে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া (Bankura) জেলায়। আজ কথা হচ্ছে বাঁকুড়া তথা সমগ্র বাংলার এক রহস্যময় পাহাড় নিয়ে যার নাম হল সোনামণি পাহাড় (Sonamoni Hill)।
বাঁকুড়ার রহস্যময় সোনামণি পাহাড়
বছরের পর বছর কেটে গেলেও বাঁকুড়ার এই সোনামণি পাহাড়ের রহস্য রহস্যই থেকে গিয়েছে। এই পাহাড়টি গড়ে উঠেছে শুধুমাত্র একটি বিশালাকার পাথরের মধ্যে দিয়ে। বলা হয়, এই পাথরের মধ্যে নাকি আজও লুকিয়ে রয়েছে এক পুরোহিতের অজানা রহস্য। জানলে এবং দেখলে অবাক হবেন, প্রায় ৪০০-৫০০ ফুট লম্বা এই পাহাড়ে মাটি নেই। আসলে এটা তিমির পিঠের আকারের বিশাল একটি পাথর। মাটি না থাকায় পাহাড়ের উপরে বা গায়ে কোনও গাছপালাও নেই।
আরও পড়ুনঃ খেল দেখাবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আভাস, আজকের আবহাওয়া
স্থানীয়দের কথায়, ‘এই পাহাড় নাকি বহু প্রাচীন। এই পাহাড়ের মধ্যে নাকি ছিল একটি গুহা, তার মধ্যে এক পুরোহিত পুজো করতেন। ওই পুরোহিত একদিন গুহার ভেতরে গামছা ভুলে গিয়েছিলেন। এরপর সেটি নিতে গিয়ে গুহামুখ বন্ধ হয়ে যায়। কারণ বলা হয় যে পথ দিয়ে পাহাড়ে ওঠা যায় সেটা দিয়ে নামা যায় না। তার বিপরীত দিক দিয়ে নামতে হবে। এমনটাই নাকি নিয়ম। পাহাড়ের মধ্যে একটি নালাও ছিল। কিন্তু এখন তা বুজে যাচ্ছে। পাহাড়টিও আগের তুলনায় অনেক বুজে যাচ্ছে।
কীভাবে যাবেন?
মুকুটমণিপুর থেকে বড় জোর ২০ কিলোমিটার দূরে অবস্থিত সোনামণি। খাতড়া থেকে শিমলাপাল যাওয়ার রাস্তায় দহলা মোড় থেকে এই টিলার দূরত্ব মাত্র তিন কিলোমিটার। বাঁকুড়া তো অনেকেই যান, কিন্তু এই জায়গাটি সম্পর্কে এখনও অবধি অনেকেই জানেন না। ফলে যাওয়াও হয়নি এখানে অনেকের।










