বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেমন কথা, তেমন কাজ। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতা এলে রাজ্যের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত (Free Travel On Bus) করতে পারবেন মহিলারা। সেটাই এবার বাস্তবে করে দেখাল শুভেন্দু অধিকারী সরকার। আগামী জুন মাস থেকে বাংলায় সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত হবে একেবারে নিখরচায়। সেই মর্মেই, মহিলাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ পিংক কার্ড (Pink Card)। সরকারের তরফে পাওয়া এই পিংক কার্ড দেখালেই একেবারে ফ্রিতে আপনাকে বাসে যাতায়াত করতে দেবেন কন্ডাক্টর।
মহিলাদের জন্য বিশেষ ভাবনা সরকারের
জানা যাচ্ছে, প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি যাতায়াত নিশ্চিত করতে বেশ কিছু গাইডলাইন তৈরি করেছে পরিবহন দপ্তর। সেইসব পরিকল্পনা জমা পড়েছে নবান্নে। আর সেই সব পরিকল্পনার মধ্যে রয়েছে মহিলাদের হাতে পিংক কার্ড তুলে দেওয়ার বিষয়টিও। নবান্ন সূত্রে খবর, এই পিংক কার্ড হাতে থাকলেই একজন মহিলা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে যতদিন সেই কার্ড না আসছে ততদিন ভোটার বা আধার কার্ড দেখিয়ে বাসের ফ্রিতে যাতায়াত করা যাবে।
কয়েকটি সূত্র মারফত খবর, ইতিমধ্যেই রাজ্য পরিবহন দপ্তর সরকারি বাসের সমীক্ষা করছে। আসলে রাজ্যের কত সংখ্যক মহিলা শহর এবং অন্যান্য গ্রামগঞ্জে প্রত্যেকদিন সরকারি বাসে যাতায়াত করেন তার হিসেব খতিয়ে দেখেছে সরকার। সেই সূত্র ধরেই জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতা শহরে প্রতিদিন 1 লাখ 80 হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। গোটা রাজ্যে সংখ্যাটা 4 লাখের কাছাকাছি। অনেকেই মনে করছেন, রাজ্য সরকারের ফ্রি পরিষেবা কার্যকর হয়ে গেলে সরকারি বাসে মহিলাদের সংখ্যা বাড়বে বই কমবে না।
অবশ্যই পড়ুন: টেস্টে পাকিস্তানকে চুনকাম করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
প্রসঙ্গত, গত সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, আগামী পহেলা জুন থেকে মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এসি থেকে শুরু করে নন এসি দূরপাল্লার মাসেও মিলবে এই পরিষেবা। সেই মতোই এবার পিংক কার্ড বিলি করতে চলেছে রাজ্য সরকার। যদিও এ নিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।










