জোড়া ঘূর্ণাবর্তে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ প্রাক বর্ষার ঝড় বৃষ্টি কাকে বলে, তার ট্রেলার শুক্রবার পেয়েছিলেন বঙ্গবাসী। দীর্ঘ গরমের পর অবশেষে মিলেছে আরাম। ব্যাপক ঝড় বৃষ্টির কারণে বাংলার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ফলে স্বস্তিতে ঘুমোতে পারছেন, রাস্তায় দিনের বেলা বেরোতে পারছেন সাধারণ মানুষ। আজ কি দুর্যোগ নেই? সে গুড়ে বালি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ রবিবার ছুটির দিনে এবং মাসের শেষ দিনেও ভালোই ঝড় বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা বলে খবর। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়া জেলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে মধ্য পাকিস্তানের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও দক্ষিণ ওড়িশার ওপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। এছাড়াও মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

আগামীকালের আবহাওয়া

সোমবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? মাসের শুরুতেও বাংলাজুড়ে রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে রয়েছে দুর্যোগের ভ্রূকুটি। উত্তরবঙ্গের কথা বললে সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা।