সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার বদল হতেই পুরসভা ও গ্রাম উন্নয়ন ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের আমলে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan) প্রকল্পের সমস্ত কাজ রাজ্যের সমস্ত পুরসভায় সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে যে সমস্ত উন্নয়নমূলক কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও ভোটের কারণে শুরু হয়নি, সেই প্রকল্পগুলিকে পুরোপুরিভাবে বাতিল করেছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর।
কেন এই সিদ্ধান্ত রাজ্যের?
নতুন সরকারের অভিযোগ, ভোটের আগে তড়িঘড়ি রাজনৈতিক ফায়দা তোলার জন্য বহু ওয়ার্ডে অপ্রয়োজনীয় আর নিয়ম বহির্ভূতভাবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ করা হয়েছে। ভোটের ঠিক আগে রাস্তা মেরামত, নিকাশি নালা সংস্কার, জলের লাইন বসানোর মতো যে সমস্ত নতুন কাজ হয়েছে, সেগুলি প্রথমত তদন্ত করা হবে। কাজের প্রাসঙ্গিকতা এবং টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা খতিয়ে দেখার পরেই সেই ঠিকাদারদের বকেয়া টাকা পেমেন্ট দেওয়া হবে।
এমনকি এও জানানো হয়েছে যে, আগের সরকারের তরফ থেকে যে সমস্ত কাজের টাকা ইতিমধ্যে পুরসভা বা সংশ্লিষ্ট দফতরগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই তহবিল পুরোপুরি ফেরত নিয়েছে নতুন সরকার। আর পুরসভার পাশাপাশি গ্রাম উন্নয়ন দফতরেও অডিট শুরু হওয়ার কারণে রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত এলাকাতে এই প্রকল্পের কাজ এবং পেমেন্ট বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উন্নয়নমূলক এই কাজের স্বচ্ছতা খতিয়ে দেখার জন্য পুর ও নগরায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির নেতৃত্বে রয়েছেন দফতরের প্রধান সচিব খলিল আহমেদ। এমনকি ঘটনাস্থলে গিয়ে প্রতিটি ওয়ার্ডের কাজ খতিয়ে দেখার জন্য ১৮ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর আগামী ১০ জুনের মধ্যেই কমিটিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে হওয়া সমস্ত কাজের পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: DA নিয়ে ৩০মে বৈঠক নবান্নে, তার আগে ক্ষোভ কর্মী সংগঠনগুলির! কারণ কী?
কলকাতা পুরসভার অ্যাকাউন্ট বিভাগকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যে, কোনও ঠিকাদারের আমাদের পাড়া আমাদের সমাধান সংক্রান্ত বিল যেন এই মুহূর্তে জমা না দেওয়া হয়। কিন্তু প্রশাসনিক স্তরে এই স্থগিতাদেশ নিয়ে কোনও রকম লিখিত বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। পুর আধিকারিকদের একাংশ স্বীকার করে নিয়েছেন যে, গোটা প্রক্রিয়াটি আপাতত উচ্চ মহলের মৌখিক নির্দেশ অনুযায়ী চলছে।










