বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে গেল যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্পে আবেদনের স্থান। হ্যাঁ, এতদিন যে পোর্টাল থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছিল এবার সেই স্থান পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথীর নতুন পোর্টালে। তবে শুধু ওয়েবসাইট বদল নয়, সেই সাথে বদল এসেছে ফর্ম ফিলাপের পদ্ধতিতেও। সেক্ষেত্রে শেষের কয়দিন যাঁরা নতুন আবেদন করবেন তাঁরা কোন পোর্টাল থেকে বিশেষ প্রকল্পে আবেদন জানাবেন? কোন ভুলগুলি করলে মিলবে না টাকা? সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।
যুবসাথীর নতুন পোর্টাল
এতদিন সরকারি নির্দেশ অনুযায়ী, যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীরা apas.wb.gov.in পোর্টালে যাচ্ছিলেন। সেখান থেকেই করা যাচ্ছিল আবেদন। তবে এবার থেকে যুবসাথীর নতুন পোর্টালে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। এর জন্য যেতে হবে https://yubasathi.wb.gov.in/ এই লিঙ্কে। এখান থেকেই যুবসাথী প্রকল্পে আবেদন করে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পেতে পারেন আবেদনকারীরা।
এই ভুলগুলি করলে মিলবে না যুবসাথীর টাকা
এতদিন অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে ফর্ম পূরনের পর অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেই করা যাচ্ছিল আবেদন। তবে বর্তমানে পোর্টালে নতুন আপডেট এসেছে। সেখানে একেবারে স্পষ্ট করে লেখা রয়েছে, প্রত্যেকটি ডকুমেন্ট হতে হবে সেল্ফ অ্যাটেস্টেড। এর অর্থ অরিজিনাল ডকুমেন্ট এর জেরক্স বা ফটোকপির নিচে আবেদনকারীকে সই করে তারপর সেটি PDF আকারে 300kb এর মধ্যে আপলোড করতে হবে।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে কামাল দেখিয়ে ৫০ লাখ টাকার চেক, বিলাসবহুল গাড়ি উপহার পেলেন বৈভব সূর্যবংশী
তবে বাস্তব অভিজ্ঞতা, এমন অনেকেই রয়েছেন যাঁরা অরিজিনাল ডকুমেন্টের নিচে সই করে আপলোড করে দিচ্ছেন। এই ভুল মোটেও করবেন না। এতে আপনার আবেদন তো বাতিল হবেই সেই সাথে আপনার ডকুমেন্টও মূল্যহীন হয়ে যেতে পারে। এখানেই শেষ নয়, অনেকেই রয়েছেন যাঁরা সিগনেচার আপলোড না করেই ফর্ম জমা দিয়ে দিচ্ছেন। এই কাজ করলে মিলবে না টাকা। এছাড়াও অনেকেই রয়েছেন যারা পেশার জায়গায় স্টুডেন্ট বা এমপ্লয়েড লিখছেন। এতে বাতিল হতে পারে আবেদন। এর জায়গায় লিখতে হবে আন-এমপ্লয়েড।












