সৌভিক মুখার্জী, কলকাতা: গত পরশুদিন ব্রিগেডের মহামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তাঁর সঙ্গে ক্যাবিনেটে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ মোট পাঁচজন শপথ বাক্য পাঠ করেছেন। কিন্তু কারা কোন মন্ত্রীত্বের (BJP Cabinet Minister) দায়িত্ব পেয়েছিলেন সেই দপ্তর বন্টন করা হয়নি। অবশেষে আজ শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভার দপ্তর বিভাজন করা হল। কাকে দেওয়া হল কোন দায়িত্ব?
কাদের উপর কোন দায়িত্ব?
ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে, এবার নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্ব। পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রীও বানানো হয়েছে তাঁকে। খাদ্যমন্ত্রীর পদে বসানো হয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়াকে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালকে বসানো হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পাশাপাশি পুর বিষয়ক মন্ত্রীত্বের পদে। আর ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসীদের উন্নয়ন দপ্তরের দায়িত্ব।
আরও পড়ুন: কুর্সিতে বসেই অ্যাকশন, এই সরকারি কর্মীদের ছাঁটাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হবে সে কথা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। কারণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দু’দুবার হারানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর নামে উঠে আসে। সেই কারণেই রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হয় তাঁর উপর, এবং গতকাল থেকেই একেবারে জোরকদমে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করে একের পর এক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কেবিনেটের পাঁচ মন্ত্রীও। তবে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল আজ বিকালে।










