প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে। গেরুয়া নাকি সবুজ আবির আরবে বাংলায় সেই নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন আর জি কর কাণ্ডে নিহত-নির্যাতিতার মা। তাই এবার শুভেন্দু (Suvendu Adhikari) নিজের কেন্দ্রে প্রচারের জন্য অন্তত এক বার ভবানীপুরেও (Bhowanipore) যাওয়ার আর্জি জানান নির্যাতিতার মাকে। সেখানে গিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে ওঠার অনুরোধ করেন।
পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ
গত বুধবার, আরজি কর কাণ্ডের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ-কে পানিহাটি আসন থেকে প্রার্থী হিসেবে টিকিট দিয়েছিল বিজেপি। যদিও আগে থেকেই শোনা গিয়েছিল এই কেন্দ্রের টিকিট যাবে আরজি কর হাসপাতালের নির্যাতিতার মায়ের কাছে। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়তে একটু দেরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেহেতু আরজি কর হাসপাতালের ঘটনার দিনগুলো জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল, আর সেই প্রেক্ষাপটেই দলের পক্ষ থেকে এই বিশেষ টিকিট দেওয়া হয়েছে। যদিও সেই নিয়ে কিছুই বলেনি বিজেপি। আর এবার ভবানীপুরে প্রচারের জন্য শুভেন্দু অধিকারী আরজি কর হাসপাতালে নির্যাতিতার মাকে আসার জন্য আর্জি জানালেন।
রেকর্ড জেতার আশ্বাস শুভেন্দুর
অভয়ার মাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পানিহাটি থেকে জিতবেন তো বটেই, বরং মার্জিনে রেকর্ড গড়বেন অভয়ার মা।” এছাড়াও তিনি বলেন, “আমাদের দল বোন অভয়ার মায়ের কাছে কৃতজ্ঞ। আরজি কর ঘটনায় বিচার না পাইয়ে দেওয়ার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছেন তিনি। আমার বিশ্বাস এখানকার বাসিন্দারা রেকর্ড মার্জিনে তাঁকে জেতাবেন। যা উত্তর পানিহাটি কেন্দ্রের ইতিহাসে কেউ কোনওদিন জেতেননি।”
নারী সুরক্ষার স্বার্থে জেতানোর আর্জি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী ভোটের প্রচারের মাঝেই অভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলে দাবি করেন, “একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তের কারণেই অভয়া বিচার পাননি। তাঁকে ধর্ষণের পর খুন করা হয়। বাড়িল লোকের সম্মতি না নিয়ে দেহকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়ির লোককে ইলেকট্রিক চুল্লির টাকাও মেটাতে দেওয়া হয়নি। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। সেজন্য অভয়ার আন্দোলনের সময় যে সব মানুষ রাস্তায় নেমেছিলেন, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের কাছে আমাদের আবেদন নারী সুরক্ষার স্বার্থে এবং সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রার্থীর পাশে এসে দাঁড়ান।”
আরও পড়ুন: ডিলিট লিস্টে নাম উঠল প্রাক্তন বিচারপতির! SIR তালিকা ঘিরে নতুন বিতর্ক কোর্ট চত্বরে
ভবানীপুরে প্রচারের জন্য অনুরোধ শুভেন্দুর
গতকাল, বৃহস্পতিবার নির্যাতিতার পানিহাটির বাড়িতে যান বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচারে রত্না দেবনাথ-কে আসার জন্য আর্জি জানিয়ে বলেন, “আমি অভয়ার মা-কে অনুরোধ করেছি, পানিহাটিতে প্রচারের পর সময় বের করে যেন ভবানীপুরেও যান আমার হয়ে প্রচারে। কারণ, আরজি কর কাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য, পুলিশমন্ত্রীও ছিলেন।” অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূল নেত্রীকে হারাতে অভয়ার মা-কে পাশে পেতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই নিয়ে কোনো মতামত নির্যাতিতার মা জানাননি। তাই এখন দেখার ভবানীপুরে প্রচারের সময় শুভেন্দুর সঙ্গে নির্যাতিতার পরিবার পাশে থাকে কিনা।












