সহেলি মিত্র, কলকাতাঃ বারাসতের (Barasat) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। দীর্ঘ যানজট থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন সকলে। এর কারণ বারাসতে তৈরি হতে চলেছে একটি ত্রিমুখী ফ্লাইওভার (Barasat Flyover)। এই ফ্লাইওভারটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন যশোর রোডের ওপর যানজট যন্ত্রণা কমবে, তেমনই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও জলের মতো সহজ হবে।
বারাসতে তৈরি হচ্ছে ত্রিমুখী ফ্লাইওভার
জানা গিয়েছে, বারাসতে আগামী কিছু সময়ের মধ্যেই তৈরি হতে চলেছে একটি ত্রিমুখী ফ্লাইওভার। এর ফলে নিত্য যাত্রীদের বিরাট সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিক প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদনের ঘোষণা করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কবে অনুমোদন মিলবে, এখন সেই অপেক্ষা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের ধমকেই হল কাজ! চিংড়িঘাটা ট্রাফিক ব্লকে রাজি রাজ্য, মেট্রো নিয়ে সুখবর
সূত্রের খবর, প্রস্তাব দেওয়া হয়েছে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি ত্রিমুখী হবে। নতুন ফ্লাইওভারটি শহরের তিনটি জায়গাকে একসঙ্গে বেঁধে রাখবে। সংযুক্ত করবে শহরের গুরুত্বপূর্ণ তিনটি মোড়—চাঁপাডালি মোড়, ডাকবাংলো মোড় এবং হেলাবটতলার কলোনি মোড়কে। বিশেষ করে বনগাঁ ও সীমান্তমুখী যান চলাচলকে সিগন্যালমুক্ত করতে যশোর রোড-এর সঙ্গে একটি সংযোগ লুপ তৈরির পরিকল্পনা রয়েছে, যাতে ডাকবাংলো মোড় এড়িয়ে সরাসরি যাতায়াত সম্ভব হয়।
তৈরী হবে আন্ডারপাসও!
ফ্লাইওভারের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য একটি আন্ডারপাস তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। যশোর রোড থেকে আসা ছোট গাড়িগুলির নির্বিঘ্ন চলাচলের জন্য এই আন্ডারপাস তৈরী করা যায় কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এখন টেন্ডার পেতে হবে। পাইপলাইনে অনেক কাজ রয়েছে। প্রাথমিক পর্যায়ে ড্রোন ইমেজিং ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে বিস্তারিত রুট সার্ভে করা হবে। একই সঙ্গে সয়েল টেস্ট, রাস্তার দু’ধারের জবরদখল চিহ্নিতকরণ এবং ভূগর্ভস্থ জল ও বিদ্যুতের লাইন স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।












