সুপ্রিম কোর্টের ধমকেই হল কাজ! চিংড়িঘাটা ট্রাফিক ব্লকে রাজি রাজ্য, মেট্রো নিয়ে সুখবর

Published:

Chingrighata Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) ভৎসনাতেই চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) নিয়ে মিলল সুখবর। এতদিন মেট্রোর অরেঞ্জ লাইনের অবশিষ্টাংশের কাজ সম্পূর্ণ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল চিংড়িঘাটা মোড়ের যান চলাচল। মাত্র 366 মিটার অংশের কাজ না হওয়ায় আটকেছিল অরেঞ্জ লাইনের মেট্রো সম্প্রসারণ। তবে সুপ্রিম কোর্টের কাছে বকুনি খাওয়ার পর অবশেষে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের অনুমতি দিল রাজ্য সরকার।

কবে থেকে শুরু হচ্ছে ট্রাফিক ব্লকের কাজ?

এতদিন বারবার অভিযোগ উঠছিল চিংড়িঘাটার 366 মিটার অংশের কাজ করতে প্রয়োজন ট্রাফিক ব্লক। তা নিয়ে ক্রমাগত রাজ্যের কাছে আবেদন জানানো সত্ত্বেও মিলছিল না সবুজ সংকেত। এ প্রসঙ্গে বহুবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যকে একহাত নিয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে তিরস্কৃত হতে হয়েছিল রাজ্য প্রশাসনকে।

এখানেই শেষ নয়, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে স্পষ্টভাবে জানতে চেয়েছিল কেন চিংড়িঘাটা মেট্রোর উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে! সুপ্রিম কোর্টের তরফে ভৎসনার শিকার হতেই এবার পথে এলো রাজ্য প্রশাসন। গতকাল অর্থাৎ বুধবারই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডকে চিংড়িঘাটার অবশিষ্ট অংশের কাজ করার অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ।

RNVL জানিয়েছে, কলকাতা ট্রাফিক পুলিশের তরফে অনুমতি মিলেছে। জানিয়ে দেওয়া হয়েছে আগামী 15 মে থেকে শুরু হবে ট্রাফিক ব্লকের কাজ। পরবর্তীতে ধাপে ধাপে আরও তিন চার দিনের সময় চেয়ে নেবে তারা। সূত্রের খবর, কলকাতা পুলিশকে রেল বিকাশ নিগম একেবারে খোলাখুলি জানিয়েছে তারা বর্ষা আসার আগেই এই কাজ শেষ করতে চায়।

অবশ্যই পড়ুন: চিন্তা বাড়াচ্ছে থাপার চোট, জামশেদপুর ম্যাচের আগে চাপে মোহনবাগান!

প্রসঙ্গত, কলকাতা মেট্রো সূত্রে খবর, ট্রাফিক ব্লকের কাজ শুরু হওয়ার পর চিংড়িঘাটায় 366 মিটার অংশে প্রতিটি পিলারের উপর গার্ডার বসানো হবে। তার উপর পাতানো হবে রেল ট্র্যাক। সেই রেল ট্রাকের উপর দিয়ে ছুটবে মেট্রো। এই কাজ সম্পন্ন হলে গৌরীকিশোর ঘোষ মেট্রো স্টেশন এবং বেলেঘাটা মেট্রো স্টেশন জুড়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই অংশের গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে আগামীতে কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হবে।

google button